প্রতিবাদ করায় বাড়িতে ভাঙচুর, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দেবীদ্বার পৌরসভার ফতেহাবাদ এলাকায় কিশোরীকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় গতকাল বুধবার কয়েকজন হিন্দুর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে৷ এতে ১০ জন আহত হয়েছেন৷ এ ঘটনায় দ্বেবীদার থানায় মামলা হয়েছে৷ পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে৷
পুলিশ, স্থানীয় বাসিন্দা, ও প্রত্যক্ষদর্শীরা জানান, দেবীদ্বার পৌরসভার ফতেহাবাদ এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজন ফতেহাবাদ লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মন্দিরে ছয় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করে। মঙ্গলবার ছিল অনুষ্ঠানের পঞ্চম দিন। ওই দিন রাত নয়টায় মন্দিরের উত্তর পাশে একই এলাকার আজু খানের ছেলে আশিকুর রহমানের (১৭) নেতৃত্বে জুয়ার আসর বসানো হয়। একপর্যায়ে মন্দিরের সভাপতি মানিক রায় জুয়া বন্ধ করার অনুরোধ করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়।
পরে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। এর কিছুক্ষণ পর মন্দির থেকে বের হচ্ছিল একই এলাকার এক কিশোরী। এ সময় আশিকুর রহমান ওই কিশোরীকে টানা-হেঁচড়া করে। তখন ওই কিশোরীর ভাইসহ হিন্দু সম্প্রদায়ের কয়েকজন আশিকুরকে চড় মারেন এবং কান ধরিয়ে উঠবস করান। এতে উত্তেজিত হয়ে আশিকুর দা ও লাঠিসোঁটাসহ অনুসারীদের নিয়ে ওই কিশোরীর বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে দেবীদ্বার থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সোহরাব হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরদিন গতকাল সকাল আটটায় আশিকুর রহমানের নেতৃত্বে জামাল খান, রুবেল খান, নাসির উদ্দিন, রোমান, আল আমিন ও জামাল হোসেনসহ ২০-২৫ জনের একটি দল গৌরাঙ্গ চন্দ্র সূত্রধর ও রবীন্দ্র চন্দ্র সূত্রধরের বাড়িতে হামলা চালায়। এ সময় বাড়ির লোকজন বাধা দিতে গেলে তাঁদের লাঠি দিয়ে পিটিয়ে জখম করা হয়। এতে অধিক চন্দ্র মজুমদার (৪৫), তাঁর স্ত্রী অনিতা রানী মজুমদার (৩০), মেয়ে জোনাকী রানী মজুমদার (১০), পাশের বাড়ির সজল দত্ত (৫০) ও অধিক চন্দ্র মজুমদারের শ্যালিকা চম্পা সূত্রধর (২৫) আহত হন। তাঁদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হামলার সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুট করা হয়।
চম্পা সূত্রধর বলেন, ‘হামলাকারীরা আমার ভগ্নিপতিকে ঘুম থেকে তুলে নিয়ে অমানুষিক নির্যাতন করে। তাঁদের কাছে হাতজোড় করেও কোনো লাভ হয়নি।’
জানতে চাইলে ফতেহাবাদ লোকনাথ ব্রহ্মচারী আশ্রম মন্দিরের সভাপতি মানিক রায় বলেন, জুয়ার আসর ও এক কিশোরীকে শ্লীলতাহানি করার ঘটনাকে কেন্দ্র করে ঝামেলা হয়। পরে তা মিটমাটও করা হয়। কিন্তু গতকাল সকালে হামলাকারীরা হিন্দু সম্প্রদায়ের লোকদের ওপর হামলা চালায় এবং মালামাল লুটপাট করে। এতে কমপক্ষে ১০ জন আহত হন।
দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের এক কিশোরীকে উত্ত্যক্ত করার ঘটনাকে কেন্দ্র করে হামলা হয়েছে। এ ঘটনায় অধিক চন্দ্র মজুমদার ১২ জনকে আসামি করে মামলা করেছেন। পুলিশ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রোমান ও আল আমিন নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এলাকায় পরিস্থিতি শান্ত রয়েছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।