প্রতিবাদ করায় বাড়িতে হামলা, আহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় আট বছর বয়সী একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। গত বৃহস্পতিবার সোহাগ শেখ (২০) নামের এক তরুণ শিশুটিকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শিশুটি গোপালগঞ্জ সদর হাসপাতালে গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন।
এ ঘটনার প্রতিবাদ করায় অভিযুক্ত তরুণের স্বজনেরা এনসান মোল্লা নামের এক ব্যক্তির বাড়িতে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এতে এনসান মোল্লা এবং তাঁর ছেলে শাহীদ মোল্লা ও মেয়ে আশা খানম আহত হয়েছে। ধর্ষণের অভিযোগে গত শুক্রবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোটালীপাড়া থানায় মামলা করেছেন শিশুটির বাবা।
প্রতিবেশী সিদ্দিক তালুকদার, সুশীল হাজরা, হাফিজা বেগমসহ অনেকে অভিযোগ করেন, যাঁরা এসব ঘটনা দেখেছেন, তাঁদের অভিযুক্ত ওই তরুণের পরিবারের পক্ষ থেকে সাক্ষ্য না দেওয়ার জন্য হুমকি দেওয়া হচ্ছে।
সদর হাসপাতালে চিকিৎসাধীন শিশুটি অভিযোগ করে, জমিতে তার বাবা স্যান্ডেল ফেলে এসেছিলেন। সেটি আনতে বৃহস্পতিবার বেলা আনুমানিক দুইটার দিকে তার মা তাকে জমিতে পাঠান। পথে সোহাগ তার মুখ চেপে ধরে বাগানে নিয়ে ধর্ষণ করেন। পরে তিনি (সোহাগ) পালিয়ে যান।
শিশুটির মা অভিযোগ করেন, ফিরে আসতে দেরি হওয়ায় তিনি মেয়েকে খোঁজার জন্য বাইরে আসেন। এ সময় তিনি মেয়েকে বাড়ির পাশের বাগানে অসুস্থ অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করেন। এরপর মেয়ে তাঁকে ঘটনা খুলে বলে। পরে তিনি স্বামীকে সঙ্গে নিয়ে গ্রামের মধ্যে সোহাগকে পেয়ে তাঁকে ধরে প্রতিবেশী এনসান মোল্লার বাড়িতে নিয়ে যান।
এ সময় এনসান মোল্লা সোহাগকে চড় মারেন। খবর পেয়ে সোহাগের মামা সিদ্দিক শেখ লোকজন নিয়ে এনসান মোল্লার বাড়িতে হামলা চালিয়ে সোহাগকে ছিনিয়ে নিয়ে যান।
এনসান মোল্লা অভিযোগ করেন, এ ঘটনার প্রতিবাদ করে শিশুটির পরিবারের পক্ষ নেওয়ায় তাঁর বাড়িতে লোকজন নিয়ে হামলা করেন সিদ্দিক শেখ। এ ব্যাপারে বক্তব্য জানতে সিদ্দিকের বাড়িতে গেলেও তাঁকে পাওয়া যায়নি।
গোপালগঞ্জ সদর হাসপাতালের চিকিৎসক ফারিয়া জামান জানান, শিশুটি ধর্ষণের শিকার হয়েছে কি না, তা পরীক্ষার জন্য আলামত সংগ্রহ করা হয়েছে। তবে গাইনি ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স রহিমা খানম জানান, শিশুটির যৌনাঙ্গে ইনফ্লামেশন আছে। কোটালীপাড়া থানার ওসি আবদুল লতিফ বলেছেন, পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পেয়েছে। শিশুটির বাবা এ ব্যাপারে মামলা করেছেন।