প্রতিবাদ করায় বোনকে পেটাল বখাটেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে ছোট বোনকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় এক তরুণীকে প্রকাশ্যে কোমরের বেল্ট ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছে পাভেল ইসলাম (২০) নামের এক বখাটে। গত বৃহস্পতিবার দুপুরে জেলা শহরে রাস্তায় ফেলে ওই তরুণীকে পিটিয়ে জখম করে ওই যুবক। এ ঘটনায় নির্যাতনের শিকার বড় বোন বখাটে পাভেলসহ তিন যুবককে আসামি করে থানায় মামলা করেছেন। এদিকে গতকাল শুক্রবার আসামিরা পরিবারটিকে আরও কঠিন পরিস্থিতিতে ফেলা হবে বলে হুমকি দিয়েছে বলে অভিযোগ করেন মেয়েটির মা। লালমনিরহাট সদর থানার পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই জেলা শহরের আপনপাড়ার ইটভাটা মালিক ধনাঢ্য এন্তাজুল হকের বখাটে ছেলে পাভেল ইসলাম এবারের এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে উত্ত্যক্ত করত। মেয়েটির আরও দুই বোন থাকলেও তাঁরা চাকরিজীবী ও বিবাহিত হওয়ায় অন্যত্র থাকেন। কিছুদিন আগে বড় বোন বাড়িতে বেড়াতে আসেন। কিশোরীটি বৃহস্পতিবার দুপুরে বোনের সঙ্গে বাড়ির বাইরে বের হয়। এ সময় জেলা শহরের পানি উন্নয়ন বোর্ডের সামনে বখাটে পাভেল ও তার দুই সঙ্গী মিলে মেয়েটিকে উত্ত্যক্ত করতে থাকে। বড় বোন এর প্রতিবাদ করায় ক্ষিপ্ত হয়ে ওঠে বখাটেরা। তারা বড় বোনকে ধরে কোমর থেকে বেল্ট খুলে ও রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত করে। এ সময় দুই বোনের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে তাদের উদ্ধার করে। বখাটেরা চলে যায়। মেয়েটির মা বলেন, পাভেলের বাবা বড়লোক। তাই তাঁর মেয়ের পক্ষে কেউ কথা বলবে না। তিনি আরও অভিযোগ করেন, গতকালও বড় মেয়ের জখম হওয়া হাতের চিকিৎসার জন্য হাসপাতালে যাওয়ার পথে পাভেল ও তার সঙ্গীরা মা-মেয়ের পথ আটকে হুমকি দেয়। বখাটেরা এবার তাঁদের ঘরবাড়ি ছাড়া করবে বলে হুঁশিয়ার করে। এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবি করেন তিনি। লালমনিরহাট সদর থানার এসআই মাহবুবুল হাসান জানান, এ ঘটনায় পাভেল, মোহন ও লিটনকে আসামি করে মামলা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।