চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেনে ছাত্রলীগ-নিয়ন্ত্রিত আসনে বসায় দুই শিক্ষার্থীকে মারধর করেছেন সংগঠনটির কর্মীরা। পরে ওই দুই শিক্ষার্থীকে উল্টো পুলিশের হাতে তুলে দিয়েছেন তাঁরা। গত মঙ্গলবার বেলা আড়াইটার সময় বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন চত্বরে এ ঘটনা ঘটে।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বেলা আড়াইটার নগরমুখী শাটল ট্রেনের ছাত্রলীগ-নিয়ন্ত্রিত কথিত ‘একাকার’ নামের একটি বগিতে ওঠেন মার্কেটিং এমবিএর শিক্ষার্থী সাব্বির আহমেদ। এ সময় ছাত্রলীগের কর্মী অর্থনীতি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সোহেল ও ইতিহাস দ্বিতীয় বর্ষের শাহীন এসে সিটে বসার কৈফিয়ত চেয়ে সাব্বিরকে উঠে যেতে বলেন। পরে ইতিহাস তৃতীয় বর্ষের শিক্ষার্থী রিয়াদ পাভেল এর প্রতিবাদ করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা সাব্বির ও পাভেলকে মারধর করেন।পুলিশ এসে চারজনকে আটক করে তাঁদের হেফাজতে নিয়ে আসে। এরপর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কয়েকজন সিনিয়র নেতা এসে সোহেল ও শাহীনকে পুলিশের কাছ থেকে নিজেদের হেফাজতে নিয়ে যান। পরে নিজেদের কর্মী দাবি করে ছাত্রলীগের নেতা-কর্মীরা সাংগঠনিকভাবে বিষয়টি সমাধান করবেন বলে সাব্বির ও পাভেলকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর এলাকায় মামার দোকানের সামনে নিয়ে যান। সেখানে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লেয়াকত হোসেনের সামনেই তাঁদের আরেক দফা মারধর করেন ছাত্রলীগের কর্মীরা। পরে উল্টো নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ দেখিয়ে সাব্বির ও পাভেলকে পুলিশের হাতে তুলে দেয় ছাত্রলীগ। পুলিশ ওই দুজনকে হাটহাজারী থানায় পাঠিয়েছে।সাব্বিরের বন্ধু সানি উপস্থিত সাংবাদিকদের বলেন, পুলিশের সামনেই সাব্বির ও পাভেলকে মারধর করলেন ছাত্রলীগের কর্মীরা। উল্টো ভুক্তভোগীদেরই পুলিশ থানায় নিয়ে গেল। এ কেমন ন্যায়বিচার?বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম খালেদ বলেন, ‘ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা করায় ওই দুই শিক্ষার্থীকে আমরা পুলিশের হাতে তুলে দিয়েছি।’হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লেয়াকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘মারামারি করার অভিযোগেই ওই দুই শিক্ষার্থীকে আটক করেছি আমরা।’ছাত্রলীগের কর্মীরা ওই দুই শিক্ষার্থীকে আপনার সামনেই মারধর করলেন, অথচ তাঁদেরই আটক করা হলো—এমন প্রশ্নে লেয়াকত হোসেন বলেন, ‘কে ছাত্রলীগ, কে সাধারণ শিক্ষার্থী, তা আমি জানি না। যাদের আটক করা হয়েছে, তারা অভিযুক্ত বলেই আটক করা হয়েছে।’