প্রতিবাদ করায় মেয়েটিকে পেটাল বখাটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কুল থেকে বাড়ি ফেরার পথে মনির (২২) নামের এক বখাটে উত্ত্যক্ত করছিল এক মেয়েকে। এর প্রতিবাদ করায় বখাটে মেয়েটিকে পথরোধ করে জুতা দিয়ে পেটান। এ ব্যাপারে গত রোববার রাতে ফুলপুর থানায় মেয়ের বাবা বাদী হয়ে মামলা করেন।ফুলপুর উপজেলা সদরের গোলচত্বরের অদূরে ঢাকা-শেরপুর সড়কের বাংলালিংক টাওয়ারের পাশে গত বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। মেয়েটির বাবা জানান, গত বৃহস্পতিবার ফুলপুর পাইলট উচ্চবিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে মেয়েটি ফুলপুর বাসস্ট্যান্ড এলাকার একটি দোকানে তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনছিল। এ সময় মনির ও তাঁর সহযোগীরা মেয়েটিকে উত্ত্যক্ত করছিলেন। মেয়েটি এর প্রতিবাদ করে বাড়ি ফিরছিল। এ সময় বখাটেরা মোটরসাইকেলে এসে মেয়েটিকে পথরোধ করে এবং জুতা দিয়ে পিটিয়ে চলে যায়। ওই স্কুলের সভাপতি মো. মোফাজ্জল হোসেন বলেন, ‘মেয়ের বাবা বিষয়টি নিয়ে আমার কাছে এসেছিল। এ ব্যাপারে তাঁকে আইনগত ব্যবস্থা নিতে এবং মেয়েকে স্কুলে পাঠাতে বলি।’ ছেলের গ্রামের বাড়ি চকগদাধর গিয়ে মনির, তাঁর বাবা মফিজ মিয়াসহ পরিবারের কাউকে পাওয়া যায়নি। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম জানান, এ ব্যাপারে মামলা হয়েছে।