সুনামগঞ্জের জামালগঞ্জে কৃষকদের ওপর হামলা ও উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যানকে লাঞ্ছনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে কৃষক-জনতা মিছিল ও সমাবেশ করেছে। প্রতিবাদ ঠেকাতে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত উপজেলা সদরে সাচনাবাজারের বটতলায় ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন।হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে প্রকল্প বাস্তবায়ন কমিটি (পিআইসি) গঠনে অনিয়মের প্রতিবাদে বুধবার দুপুরে উপজেলা সদরে কৃষকেরা বিক্ষোভ মিছিল করে স্মারকলিপি দিতে গেলে স্থানীয় সরকারদলীয় সাংসদ মোয়াজ্জেম হোসেনের লোকজন তাঁদের ওপর হামলা চালায়। এ সময় উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান শামীমা শাহরিয়ারকে লাঞ্ছিত করে তারা। পরে পুলিশ এসে হামলাকারীদের কিছু না বলে তিন কৃষককে আটক করে নিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার উপজেলার সর্বস্তরের নাগরিকদের ব্যানারে বিক্ষোভ মিছিল ও সাচনাবাজারে বটতলায় প্রতিবাদ সমাবেশ আহ্বান করা হয়। পরে একই সময় ছাত্রলীগ সেখানে সভা করার ঘোষণা দেয়। পরে এই স্থানে সকাল ১০টা থেকে বিকেল চারটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। নির্ধারিত স্থানে প্রতিবাদ সমাবেশ করতে না পেরে উপজেলা সদরে দফায় দফায় মিছিল করে প্রতিবাদী লোকজন। এতে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার নারী-পুরুষেরা অংশ নেন। পরে রেস্টহাউস প্রাঙ্গণে সমাবশে করেন তাঁরা। সমাবেশে জামালগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদ প্রমুখ বক্তৃতা দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আবুল হাশেম বলেন, ‘শান্তিশৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং দুই পক্ষের সংঘর্ষ এড়াতে সাচনাবাজারের বটতলায় ১৪৪ ধারা জারি করা হয়েছিল।’