চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিপুর গ্রামে মাদকাসক্ত বখাটে যুবকের হাঁসুয়ার কোপে দশম শ্রেণির ছাত্রী কণিকা ঘোষ নিহত ও তার তিন সহপাঠী আহত হওয়ার ঘটনায় প্রতিবাদ অব্যাহত রয়েছে।
গতকাল সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) ভবনের সামনে ওই ঘটনায় গ্রেপ্তার হওয়া আবদুল মালেকের (২৬) ফাঁসির দাবিতে মানববন্ধন হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের পল্লি সমাজ ও ইউনিয়ন সমাজের নারী-পুরুষেরা এ কর্মসূচির আয়োজন করেন।
এদিকে জেলা ত্রাণ শাখা থেকে গতকাল কণিকা ঘোষের পরিবারকে ২৫ হাজার টাকা এবং ওই ঘটনায় আহত তিন ছাত্রীর পরিবারকে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছে। গতকালের মানববন্ধনে ইউপি সদস্য সুফিয়া বেগম ও তৌফিকুল ইসলাম, ব্র্যাকের মাঠ সংগঠক মুশরে তারাসহ স্থানীয় নারী-পুরুষেরা অংশ নেন। কর্মসূচি চলাকালে বক্তারা হামলাকারী যুবকের ফাঁসিসহ মেয়েদের নিরাপত্তা ও সমাজকে মাদকমুক্ত করার দাবি জানান।