প্রতিবাদ বিক্ষোভে উত্তাল বেতাগী কাল সারা দেশে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রেণিকক্ষে শিক্ষককে ধর্ষণের প্রতিবাদে ফুঁসে উঠেছে বরগুনার বেতাগী। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে গতকাল বিভিন্ন সংগঠন অংশ নেয় l প্রথম আলো
শ্রেণিকক্ষে শিক্ষককে ধর্ষণের প্রতিবাদে ফুঁসে উঠেছে বরগুনার বেতাগী। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত মানববন্ধনে গতকাল বিভিন্ন সংগঠন অংশ নেয় l প্রথম আলো

শিক্ষক ধর্ষণের ঘটনায় ডাক্তারি পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের আলামত ধামাচাপা দেওয়ার প্রতিবাদে এবং আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কাল বৃহস্পতিবার দেশের সব জেলা-উপজেলায় কালো ব্যাজ পরে একযোগে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল মঙ্গলবার দুপুরে বেতাগী উপজেলা পরিষদের সামনে শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি চলাকালে এ ঘোষণা দেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নেতারা।

গতকাল মঙ্গলবার বেতাগীর সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা কর্মবিরতি পালন করে মাথায় কালো কাপড় ও বুকে কালো ব্যাজ ধারণ করে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন। উপজেলা আওয়ামী লীগ, বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, জেলা মহিলা পরিষদ, বরগুনা সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতিসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা এতে অংশ নিয়ে একাত্মতা প্রকাশ করেন। মানববন্ধন শেষে ইউএনওর মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেন শিক্ষক সমিতির নেতারা। বেলা দেড়টা পর্যন্ত চলে এই কর্মসূচি।

বেলা ১১টায় বৃষ্টি উপেক্ষা করে উপজেলা পরিষদের সামনে শিক্ষক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় প্রাথমিক শিক্ষক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান ঘোষণা দেন, সারা দেশের প্রাথমিক শিক্ষকেরা আগামীকাল কালো ব্যাজ ধারণ করে পাঠদান করবেন এবং বেলা তিনটায় সব জেলা-উপজেলায় তাঁরা একযোগে মানববন্ধন করে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেবেন।

বেতাগী উপজেলা শিক্ষক সমিতি গত রোববার থেকে কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করছে। গতকালের সমাবেশে শিক্ষকনেতারা বলেন, ডাক্তারি পরীক্ষার প্রতিবেদন পরিকল্পিতভাবে পাল্টে ফেলা হয়েছে। সত্য লুকানোর অপচেষ্টা বন্ধ না হলে প্রাথমিক শিক্ষকেরা সারা দেশে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন।

সমিতির সভাপতি সেলিম আহম্মেদের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা শাহজাহান কবির, উপজেলা আ.লীগের সভাপতি ও পৌর মেয়র এ বি এম গোলাম কবির, জেলা মহিলা পরিষদের সভাপতি নাজমা বেগম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুস সোবাহান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, শিক্ষকনেতা মোয়াজ্জেম হোসেন খান, তপন কুমার মণ্ডল, আমিনুল ইসলাম ভূঁইয়া, আবদুল আলীম, মহসীন খান, মাইনুদ্দিন নিউটন, আবদুল মান্নান ও মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন, বেতাগী প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষা ট্রাস্টি বোর্ডের সদস্য এইচ বি এম আসাদুজ্জামান, উপজেলা ছাত্রলীগের সভাপতি আদনান খালিদ প্রমুখ।

এদিকেধর্ষণের শিকার শিক্ষক শারীরিক ও মানসিকভাবে খুবই অসুস্থ হওয়ায় তাঁর উন্নত চিকিৎসার দাবি জানিয়েছেন জেলা মহিলা সমিতির সভাপতি মাহফুজা বেগম। প্রথম আলোকে তিনি বলেন, সোমবার তিনি ওই শিক্ষকের বাড়িতে গিয়েছিলেন। কথা বলেছেন। তিনি খুবই অসুস্থ, আতঙ্কিত। পুলিশ পাহারায় তাঁকে বরিশালে চিকিৎসকের কাছে নেওয়া হয়েছিল। তাঁর আরও উন্নত চিকিৎসা দরকার।