প্রতিবাদ যখন সাম্পান বাইচে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কর্ণফুলী নদীর দূষণরোধ ও দখল বন্ধের দাবিতে শনিবার বিকেলে আয়োজিত সাম্পান বাইচের দৃশ্য। ছবিটি অভয়মিত্র ঘাট এলাকা থেকে তোলা। এর আয়োজন করেছে চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি। ছবি: সৌরভ দাশ
কর্ণফুলী নদীর দূষণরোধ ও দখল বন্ধের দাবিতে শনিবার বিকেলে আয়োজিত সাম্পান বাইচের দৃশ্য। ছবিটি অভয়মিত্র ঘাট এলাকা থেকে তোলা। এর আয়োজন করেছে চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি। ছবি: সৌরভ দাশ

ঘড়ির কাঁটা তখন পাঁচটা ছুঁই-ছুঁই। কর্ণফুলী নদীর উত্তর তীরে অভয়মিত্র ঘাট ঘেঁষে আটটি সাম্পান একই রেখায় দাঁড়ানো। প্রতিটি সাম্পানে নয়জন করে মাঝিমাল্লা। সবার অপেক্ষা হুইসেলের। পাঁচটা বাজতেই হুইসেল বেজে ওঠে। শুরু হয় সাম্পান বাইচ। ঘাম ঝরানো দাঁড় বেয়ে চলেছেন মাঝিমাল্লারা। লক্ষ্য, আগেভাগে নদীর দক্ষিণ পাড় চরপাথরঘাটা ছোঁয়া।

আজ শনিবার বিকেলে কর্ণফুলী নদীতে মনোরম এই সাম্পান বাইচ দেখতে বিভিন্ন বয়সের হাজার হাজার নারী-পুরুষ ভিড় করেন। বইঠা নৌকা, ইঞ্জিনচালিত সাম্পান, নৌকা কিংবা স্পিডবোট নিয়ে নদীতে ঘুরে বেড়িয়েছেন তাঁরা। উদ্দেশ্য সাম্পান খেলা বা বাইচ দেখা। আর সবাইকে ছাপিয়ে সাম্পান বাইচে প্রথম হয় জাহাঙ্গীর মাঝির দল। গতবারও এই দলটি চ্যাম্পিয়ন হয়েছিল।

কে কাকে ছাড়িয়ে জয়ী হবে, চলছে তারই প্রতিযোগিতা। ছবি: সৌরভ দাশ
কে কাকে ছাড়িয়ে জয়ী হবে, চলছে তারই প্রতিযোগিতা। ছবি: সৌরভ দাশ

কর্ণফুলীর দূষণের প্রতিবাদ জানাতে এই প্রতিযোগিতা। ‘কর্ণফুলী বাঁচলে বাংলাদেশ বাঁচবে’—এই স্লোগান সামনে রেখে সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলা নামের তিন দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি ১১তম বারের মতো এই খেলা ও মেলার আয়োজন করে। এতে সহযোগিতা করে সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশন। মেলার শেষ দিনে শনিবার অনুষ্ঠিত হয় সাম্পান বাইচ।

প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে ইসমত উল্লাহ শাহ মাঝির সাম্পান ও ফজল মাঝির সাম্পান। প্রথম দলকে ৪০ হাজার, দ্বিতীয় দলকে ২০ হাজার ও তৃতীয় দলকে ১০ হাজার টাকা মূল্যমানের ফ্রিজ পুরস্কার হিসেবে দেওয়া হয়।

বাইচ দেখতে দুই শতাধিক ছোট-বড় নৌকা ও সাম্পান নিয়ে নদীতে ভিড় করে দুই পারের লোকজন। এ ছাড়া দুই পাড়েও ছিল হাজার হাজার মানুষ। তারা সাম্পান বাইচ দেখতে অধীর আগ্রহে বেলা তিনটা থেকে অপেক্ষা করতে থাকে।

হুইসেলের শব্দ শোনার অপেক্ষায় একটি প্রতিযোগী দল। ছবি: সৌরভ দাশ
হুইসেলের শব্দ শোনার অপেক্ষায় একটি প্রতিযোগী দল। ছবি: সৌরভ দাশ

মোবারক হোসেন নামে দক্ষিণ পারের এক যুবক একটি ইঞ্জিন নৌকায় করে পরিবার-পরিজনসহ বাইচ দেখতে আসেন। তিনি বলেন, ‘আমি ব্যবসা করি। প্রতিবছর প্রতিযোগিতাটি হয় আমাদের পাশে। মাঝিমাল্লারাও সবাই পরিচিত, তাই দেখতে এলাম।’

কোনো কোনো দর্শনার্থীর নৌকায় ছিল মাইক ও শব্দযন্ত্র। সেখান থেকে ভেসে আসছিল কর্ণফুলী ও সাম্পান মাঝি নিয়ে লেখা বিভিন্ন জনপ্রিয় আঞ্চলিক গান। ‘ওরে সাম্পানওয়ালা, তুই আমারে করলি দিওয়ানা’, ‘কর্ণফুলীরে সাক্ষী রাখিলাম তারে’ গানের সঙ্গে নেচেগেয়ে আনন্দ করেন তরুণ-তরুণীরা। এ ছাড়া বেজেছে ঢোলসহ নানা বাদ্যযন্ত্র।

সাম্পান খেলা উপলক্ষে বড় ইঞ্জিনচালিত স্টিমারের ছাদে শামিয়ানা দিয়ে মঞ্চ তৈরি করা হয়। বাইচের উদ্বোধন ঘোষণা করেন চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোহাম্মদ আলী। খেলা বা বাইচ শেষে দক্ষিণ পাড়ে চর পাথরঘাটা সিডিএ মাঠে পুরস্কার বিতরণ করা হয়। ইউপি চেয়ারম্যান ছাবের আহমদের সভাপতিত্বে এতে অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান দিদারুল আলম, চট্টগ্রাম প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক চৌধুরী ফরিদ ও চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি চেয়ারম্যান আলীউর রহমান প্রমুখ।

কর্ণফুলী নদীর দূষণরোধ ও দখল বন্ধের দাবিতে সাম্পান বাইচের আয়োজন করে চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি। ছবি: সৌরভ দাশ
কর্ণফুলী নদীর দূষণরোধ ও দখল বন্ধের দাবিতে সাম্পান বাইচের আয়োজন করে চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি। ছবি: সৌরভ দাশ

অতিথিরা বলেন, দেশের অর্থনীতিকে সচল রাখতে কর্ণফুলীকে সচল রাখতে হবে। সাম্পান খেলা ও চাঁটগাইয়া সাংস্কৃতিক মেলার মাধ্যমে কর্ণফুলী বাঁচানোর তাই দাবি জানিয়ে আসা হচ্ছে।

তিন দিনব্যাপী মেলা উপলক্ষে চরপাথরঘাটা সিডিএ মাঠে গ্রামীণ মেলা বসেছে। সেখানে গৃহস্থালির বিভিন্ন সামগ্রী, হাঁড়ি-পাতিল, খেলনা ও অন্য সামগ্রী পাওয়া যাচ্ছে। নাগরদোলায় চড়ছে শিশু-কিশোরের দল।