প্রতিবাদ সভা
‘আমরা সন্ত্রাস চাই না। এ অঞ্চলের সহজ-সরল মানুষ প্রতিনিয়ত সন্ত্রাসী দ্বারা আক্রান্ত হয়েছে। এখন আমরা শান্তিতে বসবাস করতে চাই। সরকার নাগরিকের সে অধিকার আমাদের দেবে। আমরা সরকারের সহযোগিতা চাই।’ গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের ফটিকছড়িতে সন্ত্রাসবিরোধী প্রতিবাদ সভায় উপজেলার নানুপুর ইউনিয়নের ঢালকাটা গ্রামের লোকজন এ দুঃসহ বেদনার কথা জানান। ১ আগস্ট স্থানীয় জিলানী মসজিদে মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছোড়েন উপজেলার প্রয়াত সাংসদ রফিকুল আনোয়ারের ভাতিজা ফরহাদুল আনোয়ার। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন নানুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. ইসহাক। সভায় সন্ত্রাসবিরোধী বক্তব্য দেন ব্যবসায়ী উদ্যোক্তা এম এন আলম, ক্রীড়া সংগঠক মো. নুরুন্নবী রওশন, রাজনীতিবিদ ফখরুল আনোয়ার, সমাজসেবক মো. জাকারিয়া, সমাজপতি মো. দিদারুল আলম, প্রবাসী মো. মুছা, মো. নুরুল আলম, মো. মফিজ ও মো. সোহেল।