প্রতিবাদ সমাবেশে আসামিদের দ্রুত গ্রেপ্তার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর পাংশা উপজেলার চর রামনগর গ্রামে বাউল সাধুদের ওপর হামলা, চুল ও গোঁফ কেটে দেওয়ার ঘটনায় মামলা দায়েরের পাঁচ দিন পার হয়ে গেলেও গতকাল শুক্রবার পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি। হামলার প্রতিবাদে ও আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সংগঠন মানবন্ধন কর্মসূচিসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে। গত বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় গোয়ালন্দ বাজারের প্রধান সড়কে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘একজ’-এর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা কালো কাপড় দিয়ে মুখ বেঁধে রাখেন এবং কালো কাপড়ের ব্যানার বহন করেন। এ সময় সংগঠনের আহ্বায়ক সুজন সরোয়ার, পৌর কাউন্সিলর নাসির উদ্দিন প্রমুখ বক্তব্য দেন। তাঁরা আসামিদের শিগগির গ্রেপ্তারের দাবি জানান। একই দিন রাজবাড়ীর কালুখালীতে স্থানীয় বাউল সংঘ মানববন্ধন ও প্রতিবাদ সভা করে। কালুখালী রেলস্টেশন এলাকায় প্রণয় চক্রবর্তীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় স্থানীয় রতনদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলিমুজ্জামান, নির্যাতনের শিকার বাউল লাল চাঁদ ফকির বক্তব্য দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি পেশ করা হয়। বৃহস্পতিবার সকালে সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রামের উদ্যোগে শহীদ মিনার চত্বরে মানববন্ধন করা হয়। জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এ কর্মসূচিতে অংশ নেয়। পরে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক শ্যামল ভৌমিক, জ্যোতি আহমদ, জুলকারনাইন প্রমুখ।