রাজধানীর খিলগাঁওয়ে বখাটেদের উৎপাতে স্কুলছাত্রী কুলসুমের আত্মহত্যার ঘটনার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবি জানানো কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটি করেছেন কুলসুম আত্মহত্যার ঘটনায় করা মামলার আসামি মালতী মণ্ডল। তিনি ওই মামলার অন্যতম অভিযুক্ত শিমুলের মা।
বাড়ি ভাঙচুর, ক্ষতি ও লুটের অভিযোগে গত ২৮ নভেম্বর মামলাটি নিয়েছে খিলগাঁও থানার পুলিশ। পুলিশ সূত্র জানায়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথায় তারা মামলা নিয়েছে। তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তিনি সরাসরি মামলা নিতে বলেননি। অভিযোগ যাচাই করতে বলেছিলেন। পরে পুলিশ তাঁকে জানিয়েছে অভিযোগটি সাজানো।
খিলগাঁওয়ের নন্দীপাড়ার ইস্ট পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী উম্মে কুলসুম গত ৬ সেপ্টেম্বর রাতে বিষপানে আত্মহত্যা করে। পরিবার, এলাকাবাসী ও শিক্ষকদের অভিযোগ ছিল, স্থানীয় শিমুল চন্দ্রসহ কয়েকজন যুবকের উৎপাত সইতে না পেরে সে আত্মহত্যা করেছে। কুলসুমের মা সাথী আক্তার এ ঘটনায় শিমুল, শিমুলের বাবা রঞ্জন মণ্ডল, মা মালতী মণ্ডল, চাচাতো ভাই জয় গোপাল মণ্ডল ও পিন্টু মণ্ডল এবং অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলা করেন। বিক্ষুব্ধ এলাকাবাসী ও শিক্ষার্থীরা দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে রাস্তায় নামে। মামলার পর শিমুলসহ তার পরিবার এলাকা ছাড়ে। ৭ সেপ্টেম্বর শিমুলদের বাড়িতে পুলিশের পাহারা বসানো হয়। পুলিশ সন্দেহভাজন আসামি হিসেবে শিমুলের সহযোগী নেওয়াজ ইবনে আকরাম, রফিকুল ইসলাম ও মো. বিল্লালকে গ্রেপ্তার করে। রঞ্জন, মালতী, পিন্টু, গোপাল এবং গ্রেপ্তার হওয়া নেওয়াজ ও রফিকুল উচ্চ আদালত থেকে জামিন নেন।
খিলগাঁও থানার পুলিশ জানায়, সম্প্রতি মালতী থানায় লিখিত অভিযোগ করেন, কুলসুমের আত্মহত্যার ঘটনায় তাঁদের ফাঁসিয়ে ৭ সেপ্টেম্বর এলাকার কয়েকজন নন্দীপাড়ায় তাঁর বাড়ি ভাঙচুর ও লুটপাট করেছে। তবে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে পুলিশ নিজ উদ্যোগে ৭ সেপ্টেম্বর থেকে এক সপ্তাহ ওই বাড়ি পাহারা দেওয়ায় এমন কিছু ঘটার সুযোগ ছিল না বলে অভিযোগটি নেয়নি। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথায় ২৮ নভেম্বর আটজনের নামোল্লেখসহ ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা নেওয়া হয়। এজাহারে ২৬ নভেম্বর বাড়িতে ভাঙচুরেরও অভিযোগ আনা হয়।
পুলিশের সূত্র জানায়, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ বিষয়ে পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনারকে (ডিসি) ফোন করেছিলেন। প্রতিমন্ত্রীর কাছে শিমুলের পরিবারকে নিয়ে গিয়েছিলেন আইনজীবী ও মানবাধিকারকর্মী রবীন্দ্র ঘোষ।
এ বিষয়ে রবীন্দ্র ঘোষ প্রথম আলোকে বলেন, এলাকার কয়েকজন মালতীদের বাড়িঘর দখল করতে স্কুলছাত্রীর আত্মহত্যার ঘটনায় তাঁদের ফাঁসিয়েছে। ভুক্তভোগী পরিবার ভারতে পালিয়ে গিয়েছিল। তাঁদের বাড়ি ভাঙচুর করে দখল করা হয়েছিল। এ অভিযোগ পেয়ে তিনি তাঁদের ভারত থেকে দেশে এনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছে নিয়ে যান।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী প্রথম আলোকে বলেন, ‘রবীন্দ্র ঘোষ ঘটনাটি নিয়ে বেশ দৌড়াদৌড়ি এবং আমাকে বারবার ফোন করেছেন। তাই আমি ডিসিকে অভিযোগ তদন্ত করে দেখতে বলেছি। অবশ্য পরে পুলিশই আমাকে জানিয়েছে, অভিযোগটি সাজানো।’
এ মামলার আসামিদের মধ্যে রয়েছেন আজিজুল হক ও ফরহাদ উদ্দিন। তাঁরা অভিযোগ করেন, তাঁরা কুলসুমের আত্মহত্যার জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির দাবিতে রাস্তায় নেমেছেন, কুলসুমের পরিবারকে সহযোগিতা করেছেন। এ জন্যই তাঁদেরসহ কয়েকজনের বিরুদ্ধে সাজানো এ মামলা করা হয়েছে।
খিলগাঁও থানার ওসি মোস্তাফিজ ভুইয়া বলেন, মালতীর অভিযোগের যথার্থতা যাচাইয়ে তদন্ত চলছে।
কুলসুমের আত্মহত্যার ঘটনায় করা মামলার তদন্তকারী কর্মকর্তা খিলগাঁও থানার এসআই শাহজাহান বলেন, গ্রেপ্তার হওয়া আসামিদের জিজ্ঞাসাবাদ ও সরেজমিন তদন্ত করে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে, শিমুলসহ কয়েকজনের উৎপাত সইতে না পেরে কুলসুম আত্মহত্যা করেছে।