প্রতিবাদমুখর শাহবাগ

অধ্যাপক মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগ চত্বরে সমাবেশ করেছে গণজাগরণ মঞ্চসহ বিভিন্ন সংগঠন। আজ রোববার বেলা চারটা থেকে বিভিন্ন সংগঠন এ প্রতিবাদ সমাবেশ করে।
গণজাগরণ মঞ্চ, বিক্ষুব্ধ নাগরিক সমাজ, ডক্টর ফর হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট, ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রজন্ম ’৭১ এবং আরও কয়েকটি সংগঠনসহ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।
সমাবেশ শেষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে গণজাগরণ মঞ্চ। কর্মসূচির মধ্যে রয়েছে, ৬ মার্চ সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সকাল ১০টায় মানববন্ধন ও ৮ মার্চ সব জেলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ। ৮ মার্চ গণজাগরণ মঞ্চও শাহবাগে এ কর্মসূচি পালন করবে। আজকের সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাফর ইকবালের ওপর হামলাকারীর বিস্তারিত পরিচয় জনগণের সামনে প্রকাশ করার দাবি জানানো হয়।
সমাবেশে অংশ নিয়ে মানবাধিকারকর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, আগে এ ধরনের হামলার বিচার না হওয়ায় জাফর ইকবালকে হত্যার চেষ্টা করা হয়েছে। জাফর ইকবাল ধর্মনিরপেক্ষতার পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে। তিনি এমন একজন মানুষ যিনি মুক্ত বুদ্ধিচর্চার তরঙ্গ বইয়ে দিতে পারেন। যাঁরা মুক্তিযুদ্ধের বিপক্ষে, তাঁরাই তাঁকে নিশ্চিহ্ন করার চেষ্টা করছে।
সুলতানা কামাল আরও বলেন, আজও বাংলাদেশে পাকিস্তানের প্রেতাত্মা রয়েছে বলে এ ধরনের ঘটনা ঘটছে। আমরা তাঁকে (জাফর ইকবাল) বিনয়ের সঙ্গে বলতে চাই, তিনি যেন খোঁজ রাখেন তাঁর চারপাশে কোনো পাকিস্তানি প্রেতাত্মা আছে কি না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত চাই। অপরাধীদের যেন বিচারের আওতায় আনা হয়। এখন পর্যন্ত কোনো ঘটনার বিচার হয়নি। কাউকে শাস্তির আওতায় আনা হয়নি। জাফর ইকবালের ওপর আঘাত মানে মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত। রাষ্ট্র এর দায় এড়াতে পারে না।
মানবাধিকারকর্মী খুশী কবির বলেন, ‘এ ধরনের ঘটনা কেন হচ্ছে, তা খুঁজে বের করতে হবে। আমরা ভয় পাই না। পিছু হটব না।’
গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার বলেন, অভিজিৎ হত্যা মামলার অভিযোগপত্র দেওয়ার তারিখ ৩২ বার ঘোষণা করা হলেও এখন পর্যন্ত তা দেওয়া হয়নি। মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। কোনো একটি ঘটনার সুষ্ঠু তদন্ত হয়নি।

খেলাঘরের সহসভাপতি আবু সাঈদ বলেন, এই সরকারের মধ্যে সাম্প্রদায়িক শক্তি ঘাপটি মেরে আছে। তাদের বিচারের আওতায় আনতে হবে।
উন্নয়নকর্মী শাহীন আনাম বলেন, জাফর ইকবালকে শিশু থেকে বয়স্ক সবাই ভালোবাসে। এ ধরনের ঘটনার সূত্রগুলো ধরা না হলে হামলা চলতেই থাকবে। সরকারকে ধর্মনিরপেক্ষতার ব্যাপারে তার অবস্থান পরিষ্কার করতে হবে।
গণজাগরণ মঞ্চের সমাবেশে অন্যদের মধ্যে নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, ছাত্র ইউনিয়নের সভাপতি জি এম জিলানি, নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা মিনু প্রমুখ বক্তব্য দেন।
সমাবেশে শেষে গণজাগরণ মঞ্চ বিক্ষোভ মিছিল বের করে। মিছিল শেষে দুই দিনের ওই কর্মসূচি ঘোষণা করেন ইমরান এইচ সরকার।