প্রতিবাদী অবস্থান ও আলোক সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীসহ সব হত্যাকাণ্ডের বিচার দাবিতে প্রতিবাদী অবস্থান ও আলোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরের সাহেববাজার জিরো পয়েন্টে ‘নিরাপত্তাহীনতা ও বিচারহীনতার অভ্যস্ততা রুখে দাঁড়ান’ স্লোগান নিয়ে ‘বিচারপ্রার্থী সাধারণ নাগরিক’-এর ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।
এ উপলক্ষে নগরের আলুপট্টি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সাহেববাজার জিরো পয়েন্টে গিয়ে সমাবেশে মিলিত হয়। এ সময় অধ্যাপক রেজাউল করিম স্মরণে দুই মিনিট নীরবতা পালন করা হয়। সমাবেশ চলাকালে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা মোমবাতি জ্বালিয়ে কর্মসূচিতে অংশ নেন।
সমাবেশে বক্তব্য দেন অধ্যাপক রেজাউল করিমের মেয়ে রিজওয়ানা হাসিন শতভি, ছেলে রিয়াসাত ইমতিয়াজ, ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী নিখাত জান্নাত, বর্তমান শিক্ষার্থী অনিমা চৌধুরী, অনিন্দিতা, রিবা, ধ্রুব প্রমুখ। সমাবেশে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইংরেজি বিভাগের সভাপতি মাসউদ আখতার, সহকারী অধ্যাপক সাখাওয়াত হোসেন প্রমুখ।
সমাবেশ থেকে বক্তারা অধ্যাপক রেজাউল করিমের হত্যা মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে অল্প সময়ের মধ্যে এর বিচার শেষ করার দাবি জানান।
রিজওয়ানা হাসিন শতভি বলেন, ‘পুলিশ তার কাজ করছে। কিন্তু আমরা দ্রুত ফলাফল দেখতে চাই। এমনভাবে বিচার দেখতে চাই, যাতে প্রশাসনের ওপর সাধারণ মানুষ আস্থা রাখতে পারে। আর অপরাধীরা সবাই ধরা পড়ে।’
গত ২৩ এপ্রিল নিজ বাসার সামনে খুন হন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক রেজাউল করিম সিদ্দিকী।