প্রতিবাদী অবস্থান ধর্মঘট, সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলার প্রথম আলোর কারাবন্দী প্রতিনিধি এ বি এম মিজানুর রহমানের ওপর অমানুষিক পুলিশি নির্যাতনের প্রতিবাদে অবস্থান ধর্মঘট ও সমাবেশ কর্মসূচি পালন করেছেন সাংবাদিকেরা।
গতকাল সোমবার পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি থেকে মিজানুরের মুক্তি ও ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে নির্যাতনে জড়িত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
জেলা প্রেসক্লাবের উদ্যোগে সকাল ১০টায় প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচিতে অংশ নেন পটুয়াখালী প্রেসক্লাবসহ জেলা ও উপজেলার সাংবাদিকেরা।
অবস্থান ধর্মঘট চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জি, বাংলাভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক রুহুল আমিন রুশদ, জেলা প্রেসক্লাবের সদস্য জালাল আহমেদ, বাউফল প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম, মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মজিবুর রহমান, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি অমিত কুমার দত্ত, দশমিনা প্রেসক্লাবের সভাপতি এইচ এম ফোরকান, কলাপাড়ার প্রথম আলোর প্রতিনিধি নেছার উদ্দিন, দুমকি প্রেসক্লাবের প্রচার সম্পাদক কামাল হোসেন। সমাবেশ পরিচালনা করেন পটুয়াখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম।
মিজানুরকে গত ১৭ মার্চ গ্রেপ্তারের পর রাতভর নির্যাতন শেষে পটুয়াখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিম-২ ফাইজুর রহমানের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। পরে ২২ মার্চ পটুয়াখালীর দ্বিতীয় বিচারিক হাকিম এ এস এম তারিক শামসের আদালত মিজানুরের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এরপর ১ এপ্রিল পটুয়াখালী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বিমল চন্দ্র সিকদার মিজানুরের জামিন আবেদনের ওপর শুনানি শেষে ১৫ এপ্রিল নতুন দিন ধার্য করেন।