প্রতিবাদী কণ্ঠস্বরে মুখর চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ
একাত্তরের যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে প্রতিবাদী কণ্ঠস্বরে মুখর ছিল চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ। গতকাল শুক্রবার বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ গণজাগরণ মঞ্চের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে। এ সময় আলোক প্রজ্বালন করে দৃঢ় প্রত্যয় ঘোষণা করেছে পরিষদের অন্তর্ভুক্ত আবৃত্তি সংগঠনগুলো। সংগঠনটির রজতজয়ন্তী উপলক্ষে ‘জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাঁকে’ স্লোগানে দেশব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।যুদ্ধাপরাধীমুক্ত বাংলাদেশ গড়তে মঞ্চে গণজাগরণী কবিতা আবৃত্তি করে পরিষদের অন্তর্ভুক্ত চট্টগ্রামের ১৫টি আবৃত্তি সংগঠন। সন্ধ্যায় রবীন্দ্রনাথের ‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’ গানের সঙ্গে গণজাগরণ মঞ্চে অবস্থানরত নানা শ্রেণী-পেশার নারী-পুরুষ মোমবাতি জ্বালিয়ে তুলে ধরেন। বোধন আবৃত্তি পরিষদ, প্রমা আবৃত্তি সংগঠন, তারুণ্যের উচ্ছ্বাস, ত্রিতরঙ্গ আবৃত্তি দল, শব্দ নোঙ্গর, অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আবৃত্তি মঞ্চ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, ঐকতানসহ মোট ১৫টি আবৃত্তি সংগঠনের কর্মীরা একক ও বৃন্দ কবিতা আবৃত্তি করেন।