প্রতিবাদী ছাত্রী সহায়তা পেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটে নির্যাতনের শিকার হওয়া সেই প্রতিবাদী ছাত্রীর দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন অনেকেই। পড়াশোনার খরচ চালানোর জন্য তাকে ৫০ হাজার টাকা দিয়েছেন লালমনিরহাট শিল্প ও বণিক সমিতির সভাপতি।
গতকাল বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট চেম্বার ভবনে বণিক সমিতির সভাপতি শেখ আব্দুল হামিদ মাহমুদা আক্তার নামের ওই ছাত্রীর হাতে এককালীন শিক্ষা অনুদান হিসেবে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বণিক সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি মো. ফজলুল হক, পরিচালক খোরশেদ আহমেদ ও সেকেন্দার আলী, প্রথম আলোর লালমনিরহাট প্রতিনিধি আবদুর রব প্রমুখ।
লালমনিরহাট শিল্প ও বণিক সমিতির সভাপতি শেখ আব্দুল হামিদ বলেন, ‘প্রথম আলো পত্রিকায় মাহমুদাকে নিয়ে ছাপা হওয়া প্রতিবেদনটি পড়ে তাকে সহায়তা করার সিদ্ধান্ত নিই। আজ ব্যক্তিগত তহবিল থেকে ৫০ হাজার টাকার একটি চেক শিক্ষা অনুদান হিসেবে দিলাম। এরপর সমিতির পরিচালকদের নিয়ে সভা করে তাকে আরও কীভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
মাহমুদা আক্তার লালমনিরহাট সদর উপজেলার হারাটি ইউনিয়নের মোস্তাফিজুর রহমানের মেয়ে। গত ১৫ মার্চ স্বজনেরা তার বাবা-মাকে লাঞ্ছিত করেছিলেন। এর প্রতিবাদ করায় স্বজনেরা তাকে মারধর করলে সে আহত হয়। সে গত ১৫ মার্চ থেকে ২ এপ্রিল সকাল পর্যন্ত লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন ছিল। চিকিৎসাধীন থাকা অবস্থায় সে লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষাকেন্দ্রে গিয়ে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।
এ নিয়ে গত ২৭ মার্চ প্রথম আলোয় ‘প্রতিবাদী ছাত্রীর দুঃখগাথা’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। বণিক সমিতির সভাপতি ছাড়াও মাহমুদা আক্তারকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম, সমাজকর্মী ফেরদৌসী রহমান ও ব্যবসায়ী এস এম জিয়া আর্থিক সহায়তা দিয়েছেন। প্রথম আলো বন্ধুসভার লালমনিরহাট শাখার সভাপতি জাহাঙ্গীর আলম তাঁকে একটি থ্রিপিস দিয়েছেন।