প্রতিবাদী নূরুন্নাহার বাড়ি ফিরে গেল
নীলফামারীর সৈয়দপুরে বাল্যবিবাহের প্রতিবাদকারী মাদ্রাসাছাত্রী নূরুন্নাহার নিজ বাড়ি ফিরে গেছে। অভিভাবকের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাকে বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।
নূরুন্নাহার উপজেলার কামারপুকুর ইউনিয়নের চিকলী নিজবাড়ী আলাউদ্দীনপাড়া গ্রামের নবিউল ইসলাম ওরফে কালার মেয়ে। সে স্থানীয় কামারপুকুর আইসঢাল খিয়ারপাড়া আলিম অ্যান্ড ভোকেশনাল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।
গত ২৪ নভেম্বর নূরুন্নাহারকে তাঁর বাবা-মা জোর করে এক ব্যক্তির সঙ্গে বিয়ে দেন। নূরুন্নাহার ওই রাতেই রংপুরে তারাগঞ্জ উপজেলার শ্বশুরবাড়ি থেকে পালিয়ে আসে। প্রতিকার চেয়ে ২৫ নভেম্বর সহপাঠীদের নিয়ে সে সৈয়দপুর উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। এদিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু ছালেহ মো. মুসা জঙ্গীর কাছে বাবার বিরুদ্ধে অভিযোগ দেয় সে। পরে নূরুন্নাহার তার শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের বাড়ি আশ্রয় নেয়। এ বিষয়ে প্রথম আলোয় ২৫ নভেম্বর ‘সৈয়দপুরে বাল্যবিবাহের প্রতিবাদে উপজেলা পরিষদ ঘেরাও’ ও ২৮ নভেম্বর ‘সৈয়দপুরে মাদ্রাসাছাত্রীর বাল্যবিবাহ: বাবার ভয়ে শিক্ষকের বাসায় আশ্রয়’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।
এ ঘটনায় ৩০ নভেম্বর নূরুন্নাহারের বাবা নবিউল ইসলামকে আটক করে পুলিশ। তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার তিনি কারাগার থেকে বের হয়ে মেয়েকে ফিরে পেতে ইউএনওর কাছে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার নিজ বাড়ি গুচ্ছগ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে নূরুন্নাহারকে তার বাবা-মায়ের হাতে তুলে দেওয়া হয়।