
কিছু ছোট ছোট কুঁড়িদের ফুটাবি বলে তুই আবার ফিরে আসবি/ কিছু স্লোগান ঠোঁট ছুঁয়ে উড়ে গেল যে কিছু মশাল জ্বেলে যাস কি?—এ রকমই হৃদয়ছোঁয়া নানা পঙ্ক্তির বিন্যাসে সাজানো গান উৎসর্গ করা হলো নিহত বিজ্ঞানবিষয়ক লেখক ও ব্লগার অনন্ত বিজয় দাশকে।
অনন্ত হত্যার প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেটে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক সমাবেশ। এ সমাবেশেই তাঁর প্রতি উৎসর্গ করা হয় প্রতিবাদী গান। বিপুল শর্মার পরিচালনায় ছন্দ নৃত্যালয়ের শিল্পীদের সমবেত নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় এ সমাবেশ।
সমাবেশে কলকাতার শিল্পী সুদীপ্তর লেখা ওই গানটি পরিবেশন করেন অরূপ বাউল। এর আগে মঞ্চ থেকে ঘোষিত হয়, ‘অনন্তদের কখনো মৃত্যু নেই। তাঁদের আদর্শকে চাপাতির কোপে কখনো দাবিয়ে রাখা যায় না।’
কেবল অরূপ বাউলই নন, তাঁর মতো সিলেটের অনেক সংস্কৃতিকর্মীই সমবেত হয়েছিলেন সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের গতকালের এ সমাবেশে। অনন্ত হত্যাকাণ্ডে নাট্য সংগঠন ‘নগরনাট সিলেট’-এর উদ্যোগে প্রথমবারের মতো প্রতিবাদী এ সাংস্কৃতিক সমাবেশে সবাই গানে-কথায় শপথ নেন, অনন্ত বিজ্ঞানমনস্ক ও যুক্তিবাদী সমাজ গঠনের যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্নকে তাঁরা টিকিয়ে রাখবেন স্ব স্ব ক্ষেত্রে।
সমাবেশে শিল্পী মাহমুদুজ্জামান বাবুর ‘সময়ের দীর্ঘ পথে’ গানের সঙ্গে পরিবেশিত হয় নৃত্য। এরপর নগরনাট শিল্পী কফিল আহমদের ‘বন্ধু জাগো’ ও ‘শ্মশানে কবরে ঘুম জাগাও, ঘুম জাগাও’ গান দুটি পরিবেশন করা হয়। পরে পরিবেশিত হয় ১০ মিনিটের নাটিকা পাল্টা আঘাত।
সমাবেশে মৃত্তিকায় মহাকাল ও থিয়েটার মুরারীচাঁদসহ কিছু সাংস্কৃতিক সংগঠন প্রতিবাদী গণসংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে। ফাঁকে ফাঁকে নগরের সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের বিশিষ্টজনেরা প্রতিবাদী বক্তৃতা দেন।
অনন্ত হত্যার পর এক সপ্তাহ পেরিয়ে গেলেও খুনিরা শনাক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বক্তারা।