ট্রাফিক পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে এর প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করা হয়েছে।
গতকাল সোমবার বিকেল তিনটা থেকে চারটা পর্যন্ত উপজেলার রেলগেট এলাকায় সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকেরা এ কর্মসূচি পালন করেন। এ সময় মহাসড়কের উভয় পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে।
অবরোধকারীরা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়ার ট্রাফিক ইন্সপেক্টর সাইদুর রহমান ও সার্জেন্ট মো. মামুন প্রায়ই অটোরিকশাপ্রতি এক থেকে দুই হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে তাঁরা মামলা করার ভয় দেখানোর পাশাপাশি নানাভাবে হয়রানি করেন। গতকাল সকালেও ওই দুই কর্মকর্তা অটোরিকশা চালকদের কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় ওই দুই কর্মকর্তা পাঁচটি অটোরিকশা থানায় নিয়ে আটকে রাখেন। এ ঘটনায় চালকেরা মালিকদের নিয়ে তাৎক্ষণিক সভা করে অবরোধের সিদ্ধান্ত নেন। রেলগেট এলাকায় অবরোধের খবর পেয়ে আশুগঞ্জ থানার ওসি গোলাম ফারুক ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
অভিযোগ অস্বীকার করে সাইদুর রহমান বলেন, ‘গাড়ির বৈধতার কাগজপত্র দেখতে গেলে চালকেরা আমাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে বিব্রত করার চেষ্টা করেন।’