‘তরে আমি ক্রসফায়ারে দিমু।’ উত্তরে অন্য ব্যক্তি বলছে, ‘ছার, ভরা পেডে দুই লিটার ওয়াসার পানি খাইলেও একই কাম।’ ভেজাল খাদ্য ও বিকৃত ভাষার বিরুদ্ধে আয়োজিত অবস্থান কর্মসূচিতে কার্টুন এঁকে এভাবেই প্রতিবাদ জানিয়েছে কার্টুনিস্ট রাইটস নেটওয়ার্ক, বাংলাদেশ।গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) সামনে ‘ভাষায় ভেজাল, খাদ্যে ভেজাল রুখে দাঁড়ান’ শীর্ষক এই অবস্থান কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচিতে ওই সংগঠনের কার্টুনিস্টরা ভেজাল খাদ্য ও বিকৃত ভাষার বিরুদ্ধে কার্টুন এঁকে প্রতিবাদ জানান।বিভিন্ন কার্টুনে ফুটে ওঠে ভেজাল খাদ্যের অবস্থা। কার্টুনের মাধ্যমে ভেজাল খাবার ও পানীয় সম্পর্কে ব্যঙ্গ দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। ভেজাল খাদ্যের পাশাপাশি বাংলা ভাষার বিকৃত ব্যবহারকেও ব্যঙ্গ করা হয়। একটি কার্টুনে আছে, একটি বেতারকেন্দ্রের ‘কথাবন্ধু’ কথা বলছেন, আর তার নিচে লেখা ‘বাংলিশ রেডিও’। অন্য একটি কার্টুনে দেখা যায়, অদ্ভুত পোশাক পরা এক যুবক বলছেন, ‘বাংলা আমাড়, ইউ নো।’সংগঠনের সদস্য আহমদ কবির বলেন, ‘আমাদের প্রতিদিন খেতে হচ্ছে ভেজাল খাদ্য। দিনে দিনে ভেজালের পরিমাণ বাড়ছে। ব্যবসায়ীরা তাঁদের মুনাফার প্রয়োজনে যা খাওয়াচ্ছেন, তা-ই খেতে হচ্ছে। এর প্রতিবাদেই আমরা রাস্তায় নেমেছি। দলমতনির্বিশেষে যেদিন সবাই নামবে, সেদিনই ওদের বিপদ আসবে।’আহমদ কবির আরও বলেন, ‘আমরা ভাষার জন্য প্রাণ দিয়েছি। এ ইতিহাস মনে রেখে বাংলা ভাষার প্রতি সম্মান জানানো উচিত। ভবিষ্যতে আমাদের নিজস্ব ভাষা-সংস্কৃতিকে ধারণ করেই এগিয়ে যেতে হবে।’কর্মসূচিতে রকিবুল হক, মেহেদী হক, নাসরিন সুলতানা, কচি খন্দকার, আরিফুর রহমান, রাশেদ ইমামসহ ২১ জন কার্টুনিস্টের ৫২টি কার্টুন প্রদর্শিত হয়।