প্রতিবাদে আ.লীগের একাংশের মানববন্ধন
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার জন্য এক প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর প্রতিবাদে আওয়ামী লীগের একাংশের নেতা-কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল বুধবার তাঁরা এসব কর্মসূচি পালন করেন।
তৃণমূলের নেতা-কর্মীদের মতামত উপেক্ষা করে ওই প্রার্থীকে মনোনয়ন দেওয়ার জন্য সুপারিশ করায় গতকাল বেলা ১১টার দিকে ইউনিয়নের মোল্লারহাট এলাকায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আবদুর রশিদ মোল্লা ও তাঁর লোকজন এ কর্মসূচি পালন করেন।
দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত ২৩ ফেব্রুয়ারি দক্ষিণ চরবংশী ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় অধিকাংশ নেতা চেয়ারম্যান পদে আবদুর রশিদ মোল্লাকে সমর্থন দিয়েছেন। পরে উপজেলা ও জেলা আওয়ামী লীগের দায়িত্বশীল নেতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু জাফর মো. সালেহ মিন্টু ফরাজীকে দলীয় মনোনয়ন দেওয়ার সুপারিশ কেন্দ্রে পাঠায়। এতে ক্ষুব্ধ হয়ে ওঠেন ইউনিয়ন সভাপতির সমর্থক নেতা-কর্মীরা। এর প্রতিবাদে গতকাল সকালে নেতা-কর্মীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
আবদুর রশিদ মোল্লা বলেন, ‘বর্ধিত সভায় তৃণমূলের নেতা-কর্মীরা চেয়ারম্যান পদে আমাকে সমর্থন দেন। সভার সিদ্ধান্তও কার্যবিবরণীতে লেখা হয়। পরে রহস্যজনক কারণে আমার নাম বাদ দিয়ে অন্যজনের নাম পাঠানো হয়। চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত আওয়ামী লীগের নেতা-কর্মীরা মেনে নেবে না। আমাকে দলীয় সমর্থন না দেওয়া হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।’
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল খোকন দাবি করেন, বর্ধিত সভায় নেতা-কর্মীরা আবু জাফর মো. সালেহ মিন্টু ফরাজীকে সমর্থন দেন। তাঁদের সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রে নাম পাঠানো হয়।