প্রতিবাদে আধা বেলা হরতাল পালন

খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও ফুলতলা উপজেলার সাবেক চেয়ারম্যান সরদার আলাউদ্দিন মিঠু এবং তাঁর দেহরক্ষী নওশের গাজী হত্যার প্রতিবাদে গতকাল শনিবার আধা বেলা হরতাল পালন করেছে বিএনপি। এদিকে গতকাল বিকেলে নিহত মিঠুর ছোট ভাই রাজ সরদার বাদী হয়ে ফুলতলা থানায় একটি হত্যা মামলা করেছেন। মামলায় কারও নাম উল্লেখ না করে অজ্ঞাতনামা আট-নয়জনকে আসামি করা হয়েছে।
মিঠু হত্যার প্রতিবাদে আজ রোববার শোকসভা ও দোয়া মাহফিল এবং সোমবার প্রশাসনের কাছে স্মারকলিপি দেওয়ার কর্মসূচি রয়েছে খুলনা বিএনপির। গত বৃহস্পতিবার রাতে ফুলতলায় নিজ কার্যালয়ে দুর্বৃত্তদের গুলিতে মিঠু ও তাঁর দেহরক্ষী নিহত হন।
হরতালের সমর্থনে সকাল সাড়ে আটটায় বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর সভাপতি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে নগরের পিটিআই মোড় থেকে কালো পতাকা মিছিল বের করা হয়। মিছিলটি সিটি কলেজ, রয়্যাল মোড়, জাতিসংঘ পার্ক, শান্তিধাম মোড়, ফরাজি পাড়া ফুলমার্কেট, ফেরিঘাট মোড়, ডাকবাংলা, পিকচার প্যালেস মোড়, থানার মোড় হয়ে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কে ডি ঘোষ রোডে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে বিএনপি।

এ সময় মিঠু হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে দায়ী করে বক্তারা বলেন, ফুলতলায় সরদার পরিবারের জনপ্রিয়তার কারণে একের পর এক এই পরিবারের সদস্যদের হত্যা করা হয়েছে। মিঠুর বাবা সরদার আবুল কাশেম, ভাই ইউপি চেয়ারম্যান বাদল ও সর্বশেষ মিঠুকে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের শাসনামলে। একজন চরমপন্থী নেতা ফুলের তোড়া দিয়ে প্রকাশ্যে আওয়ামী লীগে যোগদানের পর মিঠু তাঁর জীবনের নিরাপত্তাহীনতার কথা বলেছিলেন।
সমাবেশে বিএনপির নেতারা জানান, মিঠু হত্যাকারীদের গ্রেপ্তার ও কঠোর শাস্তি নিশ্চিত করা না হলে বিএনপি খুলনা অচল কর্মসূচি ঘোষণা করবে। জেলা বিএনপির সভাপতি এস এম শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, খুলনা নগর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, বিএনপিনেতা গাজী আবদুল হক প্রমুখ।
ফুলতলা থানার ওসি আসাদুজ্জামান মুন্সী গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে বৃহস্পতিবার রাতেই অভিযান চালিয়ে দামোদর গ্রাম থেকে ইমরুল শেখ নামের এক যুবককে আটক করা হয়। তাঁকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।