প্রতিবাদে কর্মসূচি অব্যাহত, জড়িতদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিনসহ বেশ কয়েকজন শিক্ষককে অপদস্থের ঘটনায় টানা তৃতীয় দিনের মতো ক্যাম্পাসে প্রতিবাদ অব্যাহত রয়েছে। গতকাল রোববার দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে এসব ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের বিচার দাবি করা হয়। এদিকে গত শনিবার সংবাদ সম্মেলন করে নগর আওয়ামী লীগ উপাচার্যের বিরুদ্ধে যেসব অনিয়মের অভিযোগ করেছে, তা ভিত্তিহীন বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গতকাল রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের উদ্যোগে সিনেট ভবনের সামনে থেকে মৌন মিছিল বের করা হয়। মৌন মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে সমাবেশে মিলিত হয়। জাহানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন প্রগতিশীল মামুনুর রশীদ তালুকদার, আনন্দ কুমার সাহা, সফিকুন্নবী সামাদী প্রমুখ।
বক্তারা বলেন, এ ধরনের ঘটনা বিশ্ববিদ্যালয়ে নজিরবিহীন। উপাচার্যকে লাঞ্ছিত করার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষক-শিক্ষার্থীকে লাঞ্ছিত করা হয়েছে। এ ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে সবাইকে রুখে দাঁড়াতে হবে। বক্তারা সবাইকে বিশ্ববিদ্যালয় ও উপাচার্যের প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা প্রদর্শন করার আহ্বান জানান। সমাবেশ চলাকালে সিনেট ভবনের সামনে এ ঘটনার প্রতিবাদে গণস্বাক্ষর কর্মসূচি পালন করা হয়।
বেলা সোয়া ১১টায় মমতাজ উদ্দিন কলাভবনের সামনে থেকে সমাজকর্ম বিভাগের উদ্যোগে একটি প্রতিবাদী মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।
বেলা সাড়ে ১১টার দিকে সমাজবিজ্ঞান বিভাগের উদ্যোগে মমতাজ উদ্দিন কলাভবনের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন থেকে উপাচার্য ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদ জানিয়ে দোষী ব্যক্তিদের শাস্তি দাবি করা হয়।
দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিরাজী ভবনের সামনে ফোকলোর বিভাগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন বিভাগের সভাপতি অধ্যাপক মোবাররা সিদ্দিকা, বিভাগের অধ্যাপক সাইফুদ্দীন চৌধুরী, অধ্যাপক আবুল হাসান চৌধুরী প্রমুখ। মানববন্ধন থেকে উপাচার্য ও শিক্ষকদের লাঞ্ছিতের ঘটনায় জড়িত সাংসদ ওমর ফারুক ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এ ছাড়া তাঁদের দল থেকে বহিষ্কার করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়।
এদিকে শিক্ষকদের অপদস্থের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের হস্তক্ষেপ কামনা করে গতকাল দুপুরে ডাকযোগে স্মারকলিপি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমিটি। আইন অনুষদের ডিন অধ্যাপক বিশ্বজিৎ চন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভাষ্য: ১৮ এপ্রিল রাজশাহী মহানগর আওয়ামী লীগ আয়োজিত সংবাদ সম্মেলনে উপাচার্যের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়, তা ভিত্তিহীন উল্লেখ করে তার ব্যাখ্যা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক ইলিয়াছ হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, উপাচার্য দায়িত্ব গ্রহণের পর যেসব শিক্ষক নিয়োগ করা হয়েছে, তা প্রযোজ্য বিধিবিধান অনুসরণ করে সংবিধি অনুযায়ী গঠিত নির্বাচনী বোর্ডের সুপারিশের ভিত্তিতে সিন্ডিকেট কর্তৃক অনুমোদনের পরিপ্রেক্ষিতে করা হয়েছে। এ ছাড়া নির্বাচনী বোর্ড মুক্তিযোদ্ধা কোটার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেয়। নির্বাচনী বোর্ডের মতামত গঠনের ক্ষেত্রে কোনো ধরনের ব্যক্তিগত বা সামাজিক সম্পর্ক, রাজনৈতিক মতাদর্শগত অবস্থান বা সংশ্লিষ্ট কোনো বিষয় বিবেচনা করা হয় না।
প্রসঙ্গত, বেসরকারি একটি মেডিকেল কলেজের অনিয়মের অভিযোগে জরিমানা করার জের ধরে ১৫ এপ্রিল রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সাংসদ ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী টেবিল চাপড়ে উপাচার্যকে শাসান। পরদিন বৃহস্পতিবার মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের নেতৃত্ব আওয়ামী লীগের নেতারা দলীয় নেতা-কর্মী নিয়োগের দাবিতে উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিনের দপ্তরে উপস্থিত বেশ কয়েকজন শিক্ষক ও উপাচার্যকে গালাগাল, হুমকি ও অসৌজন্যমূলক আচরণ করে অপদস্থ করেন।