প্রতিবাদে কাজ বন্ধ রেখে চিকিৎসকদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় একটি পত্রিকায় অনিয়মের খবর প্রকাশিত হওয়ার প্রতিবাদে চাঁদপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা কাজ বন্ধ রেখে হাসপাতালের প্রাঙ্গণে মানববন্ধন করেছেন। গত সোমবার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচিতে সরকারি ওই হাসপাতালের শতাধিক চিকিৎসক ও কর্মচারী অংশ নেন। চাঁদপুর সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক স্বপন কুমার বর্ধন জানান, ‘কয়েক দিন ধরে স্থানীয় একটি (দৈনিক চাঁদপুর কণ্ঠ) পত্রিকায় আমাদের নিয়ে আপত্তিকর কথা বলা হয়েছে। এর প্রতিবাদে আমরা মানববন্ধন করেছি।’এ ব্যাপারে ওই পত্রিকার প্রধান সম্পাদক কাজী শাহাদাত জানান, ‘এ বিষয়ে পত্রিকায় কোনো ধরনের প্রতিবাদ বা বিবৃতি না পাঠিয়ে রোগীদের চিকিৎসা বন্ধ করে চিকিৎসকেরা অনির্দিষ্টকাল কর্মবিরতি ও মানববন্ধন শুরু করেছেন। এটি আইনবহির্ভূত।’ এদিকে চিকিৎসকদের এ ধরনের কর্মকাণ্ডে চাঁদপুর প্রেসক্লাবে এক প্রতিবাদ সভায় তীব্র নিন্দা জানানো হয়। সাংবাদিকেরা বলেন, সরকারি এই হাসপাতালে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম চলে আসছে। এ ঘটনায় গত সোমবার বিকেলে প্রেসক্লাবে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ওসমান গণি পাটওয়ারীর উদ্যোগে সাংবাদিক ও হাসপাতালের কর্মকর্তাদের মধ্যে সমঝোতা সভা হয়। সভায় সাংবাদিকেরা চাঁদপুর সদর হাসপাতালের মেডিসিন কনসালট্যান্ট সালেহ আহমদ, শিশুরোগ বিশেষজ্ঞ ওলিউর রহমান ও অর্থোপেডিক কনসালট্যান্ট মিলন সরকারের বিরুদ্ধে অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জোর দাবি জানান। এ সময় হাসপাতালের তত্ত্বাবধায়ক চিকিৎসক স্বপন কুমার বর্ধন তাঁদের বিভিন্ন সীমাবদ্ধতা ও অনিচ্ছাকৃত ভুলত্রুটির কথা স্বীকার করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন।সভায় বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি কাজী শাহাদাত, সহসভাপতি গোলাম কিবরিয়া, বিএমএর সাবেক সভাপতি এস এম সহিদ উল্লাহ ও বর্তমান সভাপতি হারুনুর রশিদ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, সাধারণ সম্পাদক চিকিৎসক মাহমুদুন নবী, সাংবাদিক বি এম হান্নান, গিয়াসউদ্দিন মিলন, পার্থনাথ চক্রবর্তী প্রমুখ।