ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ ডিগ্রি কলেজের স্নাতক (পাস) শ্রেণির ৩৩ জন পরীক্ষার্থী গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে প্রতিবাদ জানিয়েছেন। তাঁরা শরীরে কাফনের কাপড় পরে মহাসড়কে শুয়ে থাকেন। এতে বেলা একটা থেকে দুইটা পর্যন্ত সড়কে যান চলাচল বন্ধ থাকে।
ওই পরীক্ষার্থীরা বলেন, তাঁরা ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণির (পাস) প্রথম বর্ষের বিপণনবিদ্যা বিষয়ের পরীক্ষায় অংশ নেন। পরীক্ষা চলার সময় বহিষ্কারের কোনো ঘটনা ঘটেনি। কিন্তু গত ২৬ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পাঠানো চিঠিতে তাঁদের পরীক্ষক বহিষ্কার করেছেন বলে জানানো হয়। তাঁরা ২৮ জানুয়ারি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চিঠি পাঠিয়ে নির্দোষ দাবি করেন। এরপরও ৩১ জানুয়ারি প্রকাশিত ফলাফলে তাঁদের ৩৩ জনের ফল প্রকাশ করা হয়নি।
পরীক্ষার্থীরা বলেন, কোনো অপরাধ না করেও তাঁরা শাস্তিভোগ করছেন। তাই মহাসড়ক অবরোধ করে প্রথমবারের মতো প্রতিবাদ জানাচ্ছেন। এ ঘটনার সুরাহা না হলে তাঁরা কঠোর আন্দোলনের ডাক দেবেন। সড়ক অবরোধ কর্মসূচি শেষ করে তাঁরা ইউএনও রাজীব কুমার সরকারের কাছে একটি স্মারকলিপি পেশ করেন।