প্রতিবাদে কয়েক হাজার মানুষের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ে শ্রীশ্রীযশোমাধব মেলাভূমির সম্পত্তি মুক্তিযোদ্ধা সংসদকে বন্দোবস্ত দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ। শ্রীশ্রীযশোমাধব মন্দির পরিচালনা কমিটি এই কর্মসূচির আয়োজন করে।
ধামরাই পৌরসভার যাত্রাবাড়ী এলাকায় যশোমাধবের দ্বিতীয় মন্দির প্রাঙ্গণ যশোমাধব মেলাভূমিতে গতকাল রোববার বিকেলে এ মানববন্ধন করা হয়। এতে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ, শ্রীশ্রীযশোমাধব মন্দির পরিচালনা কমিটি, ইসলামপুর সর্বজনীন দুর্গামন্দির, শ্রীশ্রীশিব-কালীমন্দির, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, যুবজোট, ছাত্র মহাজোট, শ্রীশ্রীমহাদেব মন্দির, শ্রীশ্রীগৌর-নিতাই পঞ্চায়েত মন্দির, বড় বাজার দুর্গামন্দির, শ্রীশ্রীশনিদেব মন্দির, ধামরাই উপজেলা পূজা উদ্যাপন পরিষদ, শ্রীশ্রীলোকনাথ ব্রহ্মচারী আশ্রম, দক্ষিণপাড়া কালীমন্দির, পালপাড়া শ্রীশ্রীকালীমন্দির, পূর্ব কায়েতপাড়া দুর্গা ও কালীমন্দির এবং পশ্চিম কায়েতপাড়া কালীমন্দিরের কর্মকর্তা, সদস্য ও ভক্তরা অংশ নেন।
বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সভাপতি কাজল দেবনাথ বলেন, ধামরাইয়ের শ্রীশ্রীযশোমাধব মন্দির ও রথমেলা সব ধর্মের মানুষের। আর মুক্তিযোদ্ধাদের অবদানও অনস্বীকার্য। কিন্তু একটি দুষ্ট চক্র ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের কতিপয় কর্মকর্তা এ দুই পক্ষকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। এটা কখনো মেনে নেওয়া যায় না।
শ্রীশ্রীযশোমাধব মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক রাজীব প্রসাদ সাহা বলেন, ধামরাইয়ের যশোমাধব মন্দির প্রতিষ্ঠিত হয় ৪০০ বছর আগে। ৩০০ বছরেরও বেশি সময় ধরে ওই মন্দিরকে ঘিরে রথযাত্রা উৎসব ও মেলা চলছে। ধামরাই মৌজার যাত্রাবাড়ী এলাকায় মাধবের দ্বিতীয় মন্দির প্রাঙ্গণে যশোমাধবের নামে ১৬৭ শতাংশ জমি রয়েছে। কোনো দলিল ছাড়াই এসএ ও আরএস রেকর্ডে ওই সম্পত্তি খাস খতিয়ানে অন্তর্ভুক্ত করা হয়।
ধামরাইয়ের সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম রহমান বলেন, ভূমি মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ঢাকার জেলা প্রশাসক গত বছরের ডিসেম্বর মাসে ধামরাই মৌজা থেকে স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদকে ৮ শতাংশ অকৃষিজমি দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দিয়েছেন। মন্দির পরিচালনা কমিটি এটা মন্দিরের জমি হিসেবে দাবি করলেও ওই জমি সরকারের খাস খতিয়ানভুক্ত।
মানববন্ধনে মন্দির পরিচালনা কমিটির সভাপতি জীবন কানাই দাস বলেন, সরকারের সিদ্ধান্তের বিষয়টি জানার পর মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে আদালতে মামলা করা হয়েছে। মামলাটি নিষ্পত্তি হওয়ার আগেই যশোমাধব মেলাভূমিকে অকৃষি খাসজমি দেখিয়ে সেখান থেকে ৮ শতাংশ জমি মুক্তিযোদ্ধা সংসদকে দীর্ঘমেয়াদি বন্দোবস্ত দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, এক মাসের মধ্যে বন্দোবস্তের আদেশ প্রত্যাহার করে মন্দিরের জমি ফিরিয়ে দেওয়া না হলে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
মানববন্ধনে আরও বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি, বাংলাদেশ মহিলা ঐক্য পরিষদের সভানেত্রী জয়ন্তী রায়, বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদের সহসভাপতি দীপালি চক্রবর্ত্তী, ঢাকা জেলা পূজা উদ্যাপন পরিষদের সদস্যসচিব আশীষ কুমার মজুমদার, যশোমাধব মন্দির পরিচালনা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অসিত কুমার গোস্বামী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুমনা গুপ্তা প্রমুখ।