খাগড়াছড়ির দীঘিনালায় বিজিবির জন্য ভূমি অধিগ্রহণ ও রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রামবিষয়ক আন্তর্জাতিক কমিশনের (সিএইচটি কমিশন) সদস্যদের বহনকারী গাড়িতে হামলার প্রতিবাদে গতকাল রোববার খাগড়াছড়ি জেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন।
খাগড়াছড়ি সদরের স্বনির্ভর এলাকায় ইউপিডিএফের কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নারানখিয়া, সদর উপজেলা পরিষদ হয়ে চেঙ্গী স্কোয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন জিকো ত্রিপুরা, বিপুল চাকমা, রিপন চাকমা, মাদ্রী চাকমা ও রতন স্মৃতি চাকমা।
সমাবেশে বক্তারা অবিলম্বে দীঘিনালার বাবুছড়া এলাকার যত্নমোহন কার্বারিপাড়ায় ভূমি অধিগ্রহণ বন্ধ করে বিজিবির ক্যাম্প প্রত্যাহার ও সিএইচটি কমিশনের সদস্যদের বহনকারী গাড়িতে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান।
এদিকে সিএইচটি কমিশনের সদস্যদের বহনকারী গাড়িতে হামলার প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতি।
জনসংহতি সমিতির তথ্য ও প্রচার শাখার সম্পাদক মঙ্গল কুমার চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, যারা পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন চায় না এবং যারা পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে জিইয়ে রেখে নিজেদের হীনস্বার্থ হাসিলের চেষ্টা করে, তারাই এ হামলা চালিয়েছে। পার্বত্য চট্টগ্রাম জুম্ম শরণার্থী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক সন্তোষিত চাকমা স্বাক্ষরিত অপর এক বিবৃতিতে সিএইচটি কমিশনের সদস্যদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।