প্রতিবাদে খাগড়াছড়িতে বাঙালি ছাত্র পরিষদের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ি সদর থেকে পাঁচ কিলোমিটার দূরে কমলছড়ি ইউনিয়নে এক নারীশ্রমিকের শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গতকাল মঙ্গলবার দুপুর একটায়। ঘটনার প্রতিবাদে বাঙালি ছাত্র পরিষদ সন্ধ্যায় খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে।ভূয়াছড়ি গুচ্ছগ্রামের স্কুলটিলা এলাকার ওই নারীশ্রমিক (৩৪) খাগড়াছড়ি জেলা হাসপাতালের সাংবাদিকদের জানান, তিনি কমলছড়ি ইউনিয়নের কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (কাবিখা)-এর শ্রমিক হিসেবে রাস্তা পরিষ্কারের কাজ করেন। দুপুর একটায় কাজ সেরে বাড়ি ফেরার পথে ভূয়াছড়ি গুচ্ছগ্রামের পাশে সোবহান টিলা এলাকায় এলে পেছন থেকে এক যুবক এসে তাঁকে মুখ চেপে ধরে জঙ্গলে নিয়ে যায় এবং শ্লীলতাহানি ঘটায়। এরপর তাঁকে বিষয়টি কাউকে না বলার জন্য হুমকি দিয়ে তাঁর কপালে দা দিয়ে আঘাত করে। পরে তিনি বাড়িতে ফিরে গিয়ে বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তারা তাঁকে হাসপাতালে নিয়ে আসে।হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বাদরুল ইসলাম বলেন, ভূয়াছড়ি এলাকা থেকে এক নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর তথ্যের ভিত্তিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। ধর্ষণসংক্রান্ত কোনো বিষয় থেকে থাকলে আগামীকাল পরীক্ষা-নিরীক্ষা করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রোগীর কপালে যে আঘাত রয়েছে তা গুরুতর নয়। এদিকে ঘটনার খবর শুনে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি বাজারের শাপলা চত্বর থেকে মিছিল বের করে নারিকেল বাগান ঘুরে পৌরসভা কার্যালয়ের গেটের সন্মুখে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য দেন বাঙালি ছাত্র পরিষদের জেলা আহ্বায়ক আবদুল মজিদ ও ভূয়াছড়ি শাখার সভাপতি ইউনুছ আলী।সভায় বক্তারা অভিযোগ করেন, পাহাড়ে বাঙালি নারীরা অতীতের চেয়ে এখন বেশি নির্যাতনের শিকার হচ্ছে। ভূয়াছড়ি গুচ্ছগ্রামের যে নারীর ওপর শ্লীলতাহানি ঘটেছে তার হোতাকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।