খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় আদিবাসী গৃহবধূকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিভিন্ন সংগঠন মিছিল ও মানববন্ধন করেছে। গত সোমবার সকাল ১০টায় শহরের শাপলাচত্বরে বাংলাদেশ মারমা স্টুডেন্টস কাউন্সিলের (বিএমএসসি) উদ্যোগে মানববন্ধন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও খাগড়াছড়ির দুটি কলেজের শিক্ষার্থীরা। এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে একটি স্মারকলিপি পাঠানো হয়।স্মারকলিপিতে দুষ্কৃতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা এবং পার্বত্য চট্টগ্রামে সব নারীর স্বাধীনভাবে চলাচল ও নিরাপত্তা বিধানে সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানানো হয়।বেলা সাড়ে তিনটায় একই দাবিতে হিল উইমেন্স ফেডারেশনের উদ্যোগে মিছিল করা হয়। মিছিলটি খাগড়াছড়ির মহাজনপাড়া থেকে শুরু হয়ে স্বনির্ভর বাজার এলাকার ইউপিডিএফের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে সমাবেশে বক্তব্য দেন ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রিনা দেওয়ান, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুবীর চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি আপ্রুসি মারমা এবং শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অঙ্কন চাকমা।২৫ মার্চ রাতে মানিকছড়ি উপজেলার রাজবাড়ী এলাকার মহামুনিপাড়ার নাংউবাই মারমাকে তাঁর বাড়িতে ধর্ষণের পর হত্যা করে দুষ্কৃতকারীরা।