প্রতিবাদে চট্টগ্রামে মিছিল-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার সাভারে এক পাহাড়ি ছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে চট্টগ্রাম নগরে মিছিল ও সমাবেশ করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশন। গতকাল রোববার বিকেলে তিন সংগঠনের চট্টগ্রাম নগর শাখা যৌথভাবে এই কর্মসূচি পালন করে।
নগরের চেরাগি পাহাড় মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, ১৯ জানুয়ারি সাভারে সহপাঠীকে নিয়ে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক পাহাড়ি ছাত্রী। পাহাড় ও সমতল—আজ কোথাও পাহাড়ি নারীরা নিরাপদ নন। ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
হিল উইমেন্স ফেডারেশন চট্টগ্রাম নগর শাখার আহ্বায়ক রিতা চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন গণতান্ত্রিক যুব ফোরামের চট্টগ্রাম নগর শাখার সাংগঠনিক সম্পাদক সুকৃতি চাকমা, পিসিপির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য অর্পণ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের নগর শাখার সহসভাপতি শুভ চাক প্রমুখ।
সমাবেশের আগে নগরের ডিসি হিল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। বিভিন্ন সড়ক ঘুরে চেরাগি পাহাড় মোড়ে এসে শেষ হয় মিছিল।