
রামপালে বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ঢাকায় হরতাল-সমর্থকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রাম নগরে পৃথকভাবে মিছিল ও সমাবেশ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং প্রগতিশীল ছাত্রজোট। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ কর্মসূচি পালন করেন দুটি সংগঠনের নেতা-কর্মীরা।
প্রগতিশীল ছাত্রজোটের চট্টগ্রাম নগর শাখার নেতা-কর্মীরা গতকাল বেলা সাড়ে তিনটায় চেরাগি পাহাড় মোড় এলাকা থেকে মিছিল বের করেন। নগরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে মিছিলটি আবার চেরাগি পাহাড় মোড়ে ফিরে আসে। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সত্যজিৎ বিশ্বাস, চট্টগ্রাম নগর সাধারণ সম্পাদক আরিফ মঈনুদ্দিন, ছাত্র ইউনিয়নের চট্টগ্রাম জেলা সংসদের সভাপতি গোলাম সরওয়ার, ছাত্র ফেডারেশনের নগর কমিটির সভাপতি শওকত হোসেন প্রমুখ।
বিকেল পাঁচটার দিকে চট্টগ্রাম নগরের চেরাগি পাহাড় মোড়ে অনুষ্ঠিত তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সমাবেশে বক্তব্য দেন কমিটির চট্টগ্রাম জেলার সদস্য রাহাতউল্লাহ জাহেদ, বাসদের চট্টগ্রাম জেলার সমন্বয়ক মহিম উদ্দিন, গণসংহতি আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ, সিপিবির চট্টগ্রাম জেলা কমিটির সদস্য অমৃত বড়ুয়া, বাসদের (মার্ক্সবাদী) চট্টগ্রাম জেলা কমিটির সদস্যসচিব অপু দাশগুপ্ত প্রমুখ।
এ ছাড়া গতকাল দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে চাকসু ভবনের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক জাকারিয়া খন্দকার ও সাংগঠনিক সম্পাদক ধীশন প্রদীপ চাকমা, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি ফজলে রাব্বি ও সদস্য আহমেদ কাওসার, ছাত্র ফেডারেশনের কামরুল হাসান প্রমুখ।
পৃথক তিনটি সমাবেশে বক্তারা বলেন, সুন্দরবন রক্ষার জন্য জাতীয় কমিটির ডাকা হরতালে ঢাকায় নেতা-কর্মীদের ওপর পুলিশের আক্রমণ সরকারের গণবিরোধী অবস্থানকে স্পষ্ট করেছে। সরকার জনগণের মতামত উপেক্ষা করে সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। সবার বিরোধিতা সত্ত্বেও সরকার বিধ্বংসী অবস্থানে অনড় রয়েছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবনের পরিবেশের ভারসাম্য নষ্ট হবে। এতে করে সুন্দরবনের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়বে। প্রকৃতির দান সুন্দরবন বিলুপ্ত হলে তা আর পাওয়া যাবে না। কিন্তু বিদ্যুৎকেন্দ্র অন্য কোথাও করা যাবে। তাই সরকারকে জাতীয় স্বার্থেই রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প বাতিল করতে হবে।