হরতাল-সমর্থকদের ছোড়া ককটেল বিস্ফোরণে সাংবাদিক আহত হওয়ার প্রতিবাদে চট্টগ্রাম নগরে সমাবেশ করেছে টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন চট্টগ্রাম। গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাম্প্রতিক সময়ে সংবাদ-কর্মীরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের উচ্ছৃঙ্খল নেতা-কর্মীদের হামলার শিকার হচ্ছেন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে এ ধরনের হামলা গ্রহণযোগ্য নয়। এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করতে রাজনৈতিক নেতাদের কঠোর সিদ্ধান্ত নিতে হবে।
বক্তারা বলেন, সাংবাদিকেরা নিরপেক্ষ অবস্থান থেকে সবার কথা তুলে ধরেন। সাংবাদিকেরা কোনো দলের তল্পিবাহক নন। এখন থেকে যেখানে হামলা হবে, সেখানেই অবস্থান করে প্রতিবাদ জানানো হবে।
সংগঠনের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদের পরিচালনায় ও সহসভাপতি হাসান ফেরদৌসের সভাপতিত্বে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক মহসীন চৌধুরী, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদ উল আলম ও সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার চৌধুরী, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ ও এম নাসিরুল হক, সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দীন শ্যামল ও এজাজ ইউসুফী এবং বিএফইউজের যুগ্ম মহাসচিব আসিফ সিরাজ।
গত মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরের স্টেশন সড়কে হরতাল-সমর্থকদের মিছিল থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন শামসুল আলম ও দেশ টিভির ক্যামেরাপারসন মো. হাসান আহত হন।