প্রতিবাদে জেলা আইনজীবী সমিতির কর্মবিরতি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের পূর্ব কল্যাণপুর গ্রামে গতকাল মঙ্গলবার সকালে এক আইনজীবীকে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে বুধবার দুপুর বারোটা পর্যন্ত কর্মবিরতি ও প্রতিবাদ সভার ডাক দিয়েছে জেলা আইনজীবী সমিতি।
আহত আইনজীবীর নাম আবুল হোসেন মোল্লা (৪৪)। তিনি রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের উজানখানাপুর গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম রজব আলী মোল্লা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের তারিকুল ইসলামের সঙ্গে তাঁর (তারিকুল) সৎ ভাই নজরুল ইসলামের জমি নিয়ে মামলা রয়েছে। ওই মামলার বাদীর নজরুলের সঙ্গে আবুল হোসেনের সখ্য থাকায় তারিকুলেরা তাঁকে হুমকি দিচ্ছিলেন। গতকাল সকাল আটটার দিকে তিনি শহরে আসার সময় পূর্ব কল্যাণপুর এলাকার ইদ্রিসের দোকানের সামনে পৌঁছালে তারিকুল, আলামিনসহ পাঁচ-সাতজন আবুল হোসেনকে পিটিয়ে গুরুতর আহত করেন। তাঁকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে দুপুরে ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়।
জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক কে এম বারী জানান, হামলার প্রতিবাদে আজ বুধবার সকালে আইনজীবী সমিতির কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা ও বেলা ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করা হবে। রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।