প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুর সদর উপজেলায় ট্যাংক লরিসহ চালককে আটকের প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ী জ্বালানি তেলের ডিপো থেকে গতকাল বুধবার তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। প্রশাসনের সঙ্গে সমঝোতা হওয়ায় পাঁচ ঘণ্টা পর তেলের সরবরাহ শুরু হয়।
উত্তরবঙ্গ ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি শাহজাহান সিরাজ বলেন, মঙ্গলবার রাতে ট্যাংক লরির চালক সাইফুল ইসলামকে জামালপুর সদর থানার পুলিশ কাগজপত্র দেখার কথা বলে লরিসহ আটক করে। প্রয়োজনীয় কাগজপত্র দেখানো হলেও লরিটি ছেড়ে দেওয়া হয়নি। চালককে ছেড়ে দেওয়ার জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অনুরোধ করা হয়। এতেও কাজ না হওয়ায় ধর্মঘট ডাকা হয়। গতকাল সকাল থেকে বাঘাবাড়ী জ্বালানি তেল ডিপো থেকে তেল সরবরাহ বন্ধ রাখা হয়। উত্তরবঙ্গের ১৬টি জেলাসহ ২২টি জেলায় বেলা ১টা পর্যন্ত সব ধরনের জ্বালানি তেলের সরবরাহ বন্ধ থাকে।