প্রতিবাদে ট্রলার মালিক শ্রমিকদের ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারে বাংলাদেশি ট্রলারচালককে মারধরের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে টেকনাফ স্থলবন্দর ট্রলার মালিক ও শ্রমিক পরিষদ। ধর্মঘটের কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর দিয়ে তিন দিনের বর্ডার পাস নিয়ে বাংলাদেশি ব্যবসায়ীরা মিয়ানমারে যেতে পারছেন না।
টেকনাফ স্থলবন্দর ট্রলার মালিক সমবায় সমিতির আহ্বায়ক এবং মালিক ও শ্রমিক পরিষদের সমন্বয়ক আবদুল করিম জানান, টেকনাফ থেকে মিয়ানমারের মংডু শহরে ব্যবসায়ীদের আনা-নেওয়ার কাজে নিয়োজিত আছে ৩১টি বাংলাদেশি ট্রলার। তিনি বলেন, প্রায় তিন মাস ধরে এসব ট্রলারের মাঝি-মাল্লাদের মারধর করছেন মিয়ানমারের অভিবাসন কেন্দ্রের পুলিশ সদস্যরা।
আবদুল করিম বলেন, মিয়ানমারের অভিবাসন কেন্দ্রের পুলিশ সদস্যরা মোহাম্মদ ইসমাঈল, মো. আমিন, মো. ছলিম, মো. শহীদ, মো. আলম, কামাল হোসেন ও শামসুল আলমকে মারধরসহ বিভিন্নভাবে নির্যাতন করেছেন। তিনি বলেন, শ্রমিকদের আর মারধর করা হবে না—এই আশ্বাস না পাওয়া পর্যন্ত তাঁদের ধর্মঘট চলবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ট্রলারচালক মোহাম্মদ ইসমাঈল (৩৮) বলেন, গত ২৯ সেপ্টেম্বর দুপুরে তিনি ১০ জন ব্যবসায়ী নিয়ে মংডু শহরের ঘাটে পৌঁছান। ব্যবসায়ীদের ট্রলার থেকে নামিয়ে তিনি ঘাটে ট্রলার নোঙর করেন। এর কিছুক্ষণ পর সাদাপোশাক পরিহিত মিয়ানমার অভিবাসন কেন্দ্রের পুলিশের একজন সদস্য কোনো কারণ ছাড়াই তাঁদের কিল, ঘুষি ও লাথি মারেন।
টেকনাফ স্থলবন্দরের অভিবাসন কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম প্রথম আলোকে জানান, দৈনিক গড়ে ২৫ জনের মতো ব্যবসায়ী সীমান্ত বাণিজ্যের আওতায় জনপ্রতি আট শ টাকা করে ভ্রমণ কর পরিশোধ করে মিয়ানমারে পণ্য আমদানি করতে যেতেন। গতকাল ট্রলার মালিক ও শ্রমিকদের ডাকা ধর্মঘটের কারণে বাংলাদেশি কোনো ব্যবসায়ী মিয়ানমারে যেতে পারেননি।
সাইফুল ইসলাম জানান, বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
টেকনাফ ৪২ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান বলেন, ‘ট্রলারশ্রমিককে মারধর করার বিষয়টি শুনেছি। এ ব্যাপারে মিয়ানমারের অভিবাসন কেন্দ্রের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে প্রতিবাদ করা হয়েছে। মিয়ানমার কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।’