প্রতিবাদে ঢাকা-দোহার সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান পদে তৃণমূলের মতামতকে উপেক্ষা করে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়নের অভিযোগ এনে এর প্রতিবাদে গতকাল সোমবার ঢাকা-দোহার সড়ক অবরোধ করে বিক্ষোভ করা হয়।
স্থানীয় আওয়ামী লীগের ক্ষুব্ধ নেতা-কর্মীরা গতকাল বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত ইউনিয়নের বালাশুর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
আওয়ামী লীগের একাধিক সূত্রে জানা গেছে, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেনকে তৃণমূলের আওয়ামী লীগ মনোনীত করে। পরে কেন্দ্রে তাঁর নাম পাঠানো হয়। কিন্তু তাঁকে বাদ দিয়ে বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য কাজী মনোয়ার হোসেনকে মনোনয়ন দেওয়া হয়।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন বলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাংসদ সুকুমার রঞ্জন ঘোষের বাড়িতে ২৬ ফেব্রুয়ারি তৃণমূলের নেতারা বৈঠক করেন। সেখানে প্রার্থী বাছাইয়ে ভোট হলে মনির হোসেন ১৭ ভোট পান। মনোয়ার পান মাত্র ২ ভোট। একজন ভোট দেননি। পরে মনির হোসেনের নাম কেন্দ্রে পাঠানো হয়। বাছাই তালিকায় জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান স্বাক্ষর করেন।
কিন্তু কেন্দ্র থেকে মনোয়ারকে মনোনীত করা হয়। এতে দলের নেতা-কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।
তবে মনোয়ার হোসেন বলেন, ‘ওই দিন প্রকৃত ভোটাররা ভোট দেননি। তাঁদের বদলে সেই দিন অন্যরা ভোট দিয়েছিলেন। বিষয়টি আমি কেন্দ্রকে অবহিত করি। আমি আজকে (গতকাল) দলীয় মনোনয়নপত্র হাতে পেয়েছি।’