প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদে (ইউপি) আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তুলে গতকাল রোববার ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এ সময় মহাসড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নেতা-কর্মীদের বুঝিয়ে সরিয়ে দেয়।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, মাধবপুর উপজেলার ১১টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ মে। ৭ এপ্রিল জেলা আওয়ামী লীগ ৫৪ জন মনোনয়নপ্রত্যাশীর সাক্ষাৎকার নেয়। এরপর ১১ জনের নাম কেন্দ্রে পাঠানো হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ আবু জাহির ও মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান প্রকৃত নেতাদের বাদ দিয়ে অর্থের বিনিময়ে তাঁদের পছন্দের লোকজনের নাম কেন্দ্রে পাঠিয়েছেন এমন অভিযোগে গতকাল দলের মনোনয়নবঞ্চিত নেতাদের কর্মী-সমর্থকেরা গতকাল বেলা সাড়ে ১১টার দিকে মাধবপুর উপজেলা ডাকবাংলার সামনে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন। মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবদুর নুরের সভাপতিত্বে এ সময় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মহিদুজ্জামান হারুন ও আলাউদ্দিন তালুকদার ওরফে বেনু মিয়া, যুগ্ম সম্পাদক এখলাছুর রহমান, মাধবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি বেনু রঞ্জন রায়, আন্দিউড়া ইউনিয়নের সভাপতি মাখন চাকলাদার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তৃণমূলের নেতা-কর্মীদের মতামত গ্রহণ করা হয়নি। স্বীকৃত রাজাকার পরিবারের সদস্যের নামও কেন্দ্রে পাঠানো হয়েছে। তাঁরা এ মনোনয়ন বাতিলের পাশাপাশি জেলা কমিটির পরিবর্তে কেন্দ্রীয় কমিটির মাধ্যমে মনোনয়নের দাবি তোলেন। এ সময় ৪৩ জন মনোনয়নপ্রত্যাশী ও তাঁদের অনুসারীরা উপস্থিত ছিলেন।
পরে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকতাদির হোসেন আন্দোলনরত নেতা-কর্মীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেন। দুপুর সাড়ে ১২টার দিকে পুনরায় যান চলাচল শুরু হয়।
অভিযোগের বিষয়ে সাংসদ মো. আবু জাহির বলেন, এখনো মাধবপুরে কাউকে মনোনয়ন দেওয়া হয়নি। তবে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে। যাঁরা মানসিকভাবে দুর্বল, তাঁরা অনুমান করছেন মনোনয়ন পাবেন না। এই ভাবনা থেকে এ অভিযোগ ও কর্মকাণ্ড করছেন।