যশোর শহরের কয়েকটি এলাকায় সিটি কেবলের সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে। পরদিন শুক্রবার যশোর কোতোয়ালি থানায় এ বিষয়ে একটি অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে দুষ্কৃতকারীদের আটকের দাবিতে গতকাল শনিবার বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত যশোর সিটি কেব্ল (প্রা.) লিমিটেডের সব স্যাটেলাইট টিভি সম্প্রচার বন্ধ রাখা হয়। যশোর সিটি কেব্ল লিমিটেডের সঙ্গে সংহতি জানিয়ে দেশের ৫০টি জেলায় এ কর্মসূচি পালন করা হবে বলে গতকাল বিকেলে সিটি কেবলের ব্যবস্থাপনা পরিচালক মীর মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।এ ব্যাপারে মীর মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেন, সনেক্স ইন্টারন্যাশনাল কর্তৃপক্ষ জোর করে এলাকা দখল করে ভারত থেকে চোরাইকৃত অবৈধ পে-চ্যানেল প্রদর্শন করছে। বৃহস্পতিবার ওই অবৈধ প্রতিষ্ঠানের কর্মচারীরা সিটি কেবলের প্রধান লাইন কেটে দিয়েছেন। এ ছাড়া অন্তত ১০টি খাম্বা থেকে প্রায় এক হাজার মিটার তার ওই কর্মচারীরা কেটে নিয়েছেন। ফলে শহরের অন্তত চার হাজার বাসাবাড়ির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।