প্রতিবাদে দিনাজপুর-দশমাইল সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর শহরের কালীতলা মোড়ে গতকাল বুধবার বিকেলে হাজী মুহম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচটি বাস ভাঙচুর করেছেন সেখানকার পরিবহনশ্রমিকেরা৷ এ সময় শ্রমিকেরা বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা, ছয় কর্মচারীসহ ২৪ জন শিক্ষার্থীকে পিটিয়ে আহত করেন।
এদিকে ঘটনার পর থেকে বিশ্ববিদ্যালয়ের শত শত শিক্ষার্থী ক্যাম্পাসের সামনের দিনাজপুর-দশমাইল মহাসড়ক অবরোধ করে রাখেন। গতকাল রাত নয়টায় এ প্রতিবেদন লেখার সময় অবরোধ চলছিল৷ এতে দিনাজপুর থেকে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও ঠাকুরগাঁওগামী বাস চলাচল বন্ধ হয়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা, ভাঙচুর এবং শিক্ষার্থী-কর্মচারীদের আহত করার ঘটনার সঙ্গে জড়িত পরিবহনশ্রমিকদের বিচার এবং শহরের জনবহুল কালীতলা এলাকা থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দূরপাল্লার সব বাসস্ট্যান্ড সরিয়ে না নেওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ প্রত্যাহার করা হবে না বলে আন্দোলনকারী শিক্ষার্থীরা জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের বাসে শহরে আসা কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা বলেন, গতকাল বিকেল পাঁচটার দিকে ক্যাম্পাস থেকে একে একে ছয়টি বাস ছেড়ে আসে৷ এর ২০ মিনিট পর কর্মকর্তাদের বহনকারী বাসটি শহরের কালীতলা থানার মোড়ে থামে। এ সময় দিনাজপুর থেকে সিলেটগামী সাগরিকা পরিবহনের একটি খালি বাস ঘুরছিল৷
এ সময় বাসটি পেছন দিক দিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসটিকে ধাক্কা দেয়। এতে বিশ্ববিদ্যালয়ের বাসটির সামনের কাচ ভেঙে যায়৷ বাসে অবস্থানকারী কর্মকর্তারা প্রতিবাদ করে ক্ষতিপূরণ দাবি করলে সেখানে অবস্থানকারী দূরপাল্লার বাস কাউন্টারগুলোর সঙ্গে সংশ্লিষ্ট পরিবহনশ্রমিকেরা বাবলু নামের এক শ্রমিকনেতার নেতৃত্বে লাঠিসোঁটা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাসটি ভাঙচুর করেন। এর পরপরই সেখানে বিশ্ববিদ্যালয়ের আরও পাঁচটি বাস এলে শ্রমিকেরা সেগুলোতে ভাঙচুর চালান৷ এ সময় সব বাসের কাচ ভেঙে যায়৷
বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. শাহাদাৎ হোসেন খান জানান, পরিবহনশ্রমিকদের হামলায় বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তা, ছয় কর্মচারী ও ১৫ জন ছাত্র আহত হয়েছেন।
আহত ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা উম্মে হাবিবা, মর্জিনা ফ্যান্সী, মাসুদ রানা, বাসচালক মো. মকসেদ আলী, রশিদুল ইসলাম, চুনকু সরেন, বাসের সহকারী মো. রাজু (৪২), বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের কর্মচারী আরিফ হোসেন (৩৫), ল্যাব সহকারী আনোয়ার হোসেন (৪০) এবং শিক্ষার্থী আবদুল আলিম, নাহিদ আহমেদ, রোকনুজ্জামান ও কানিজ আকতারকে গুরুতর অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
বাসে থাকা শিক্ষার্থীরা জানান, বাসের ভাঙা কাচ ও লাঠির আঘাতে কমপক্ষে ২০ জন ছাত্রছাত্রীর শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়েছে৷
কোতোয়ািল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলতাফ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। শ্রমিকদের পক্ষ থেকে মীমাংসার জন্য যোগাযোগ করা হয়েছে।
দিনাজপুর েমাটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. ফজলে রাব্বী বলেন, ভুল-বোঝাবুঝির কারণে ঘটনাটি ঘটেছে৷ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা চলছে৷