প্রতিবাদে ধানের চারা রোপণ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহদ্দারহাট থেকে কালুরঘাট পর্যন্ত পাঁচ কিলোমিটার সড়ক সংস্কারের দাবিতে গতকাল শুক্রবার সকালে রাস্তায় ধানের চারা রোপণ করেছে পরিবহন মালিক শ্রমিক ও স্থানীয়রা। একই সড়কের মৌলভী পুকুরপাড়ের ভাঙা ও কর্দমাক্ত অংশে মানববন্ধন ও প্রতীকী চারা রোপণ করে তারা প্রতিবাদ জানায়।স্বপ্নযাত্রী নামে একটি সংগঠন এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে। এতে যাত্রীসেবা পরিবহন মালিক সমিতি ও স্থানীয়রা সংহতি প্রকাশ করে। মানববন্ধন ও ধানের চারা রোপণ কর্মসূচিতে বাসচালক, মালিক, স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেয়। পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘আগে এই সড়কে দুই শত বাস ও হিউম্যানহলার চলাচল করত। রাস্তা ভাঙা থাকায় তা এখন এক শতে নেমে এসেছে। কারণ এই ভাঙা সড়কে গাড়ি চালাতে গিয়ে প্রতিদিনই কোনো না কোনো যন্ত্রাংশ বিকল হচ্ছে।’