ওষুধ ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জ শহরসহ সিটি করপোরেশন এলাকার সব ওষুধের দোকান গতকাল সোমবার বন্ধ রাখা হয়েছে। ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি নারায়ণগঞ্জ জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী, সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত দোকান বন্ধ রাখা হয়। নারায়ণগঞ্জ জেলা কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সভাপতি শাহাজাহান খান বলেন, গত ৯ ডিসেম্বর চাঁদার দাবিতে শহরের চাষাঢ়ার লার্জ ফার্মা ওষুধের দোকানের মালিক আওলাদ হোসেনকে মারধর করে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা স্টাপলার ছুড়ে মারলে তাঁর ডান চোখ গুরুতর জখম হয়। বর্তমানে তিনি হারুন আই ফাউন্ডেশনে চিকিৎসাধীন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর ডান চোখ নষ্ট হয়ে গেছে। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা করা হলেও পুলিশ কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। এ কারণে আজ (সোমবার) সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকার প্রায় এক হাজার ওষুধের দোকান বন্ধ রাখা হয়েছে। এর মধ্যে ঘটনার জন্য দায়ী সন্ত্রাসীদের গ্রেপ্তার করা না হলে আগামীকাল (আজ) জেলার সব ওষুধের দোকান বন্ধ রাখা হবে। এর পরও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হলে কেন্দ্রীয়ভাবে আলোচনা করে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানান তিনি।