প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ-সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ১০টি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার প্রতিবাদে গত রোববার নোয়াখালী শহরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয় l ছবি: প্রথম আলো
হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের ১০টি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার প্রতিবাদে গত রোববার নোয়াখালী শহরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল করা হয় l ছবি: প্রথম আলো

নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ইউনিয়নের বয়ারচরের ১০টি সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। গত রোববার নোয়াখালী জেলা শহরে হাতিয়ার বিভিন্ন সংগঠন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
কর্মসূচিতে অংশগ্রহণকারী সংগঠনগুলো হলো হাতিয়া ছাত্রকল্যাণ পরিষদ, নোবিপ্রবি (নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়), হাতিয়া স্টুডেন্টস ফোরাম, আমরা নোয়াখালীস্থ হাতিয়ার সন্তান, তিলোত্তমা হাতিয়া, প্রজন্ম হাতিয়া, আমরা গড়ব আমরাই লড়ব ও হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদ।
সকাল থেকে সংগঠনগুলোর সদস্যরা নোয়াখালী প্রেসক্লাবের সামনে সমবেত হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা সেখান থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হাতিয়া জেলা বাস্তবায়ন পরিষদের সহসভাপতি ফজলুল আজিম, উপজেলা ইমাম সমিতির সভাপতি আবু ছাঈদ, হরণী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্রশাসনিক কর্মকর্তা মোরশেদ আলম, সদস্য ইমামুল হোসেন, হাতিয়া বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসাইন, শিক্ষক সমিতির নেতা সাখাওয়াত হোসেন ও ইসমাইল হোসেন। বক্তারা দ্রুত বিদ্যালয়গুলো খুলে দিয়ে শিক্ষার্থীদের পরীক্ষার সুযোগ দেওয়ার দাবি জানান।
হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব মোরশেদ প্রথম আলোকে বলেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলো সব প্রক্রিয়া শেষ করে হাতিয়ার লোকজনকে বয়ারচরে ভূমি বরাদ্দ দিয়েছে। এ নিয়ে রামগতির চরগাজী এলাকার লোকজন হাইকোর্টে রিট করেন। আদালত শুনানির পর তাঁদের আবেদন খারিজ করে দেন। তিনি বলেন, ‘এরপরও রামগতির কিছু সন্ত্রাসী অন্যায়ভাবে আমাদের লোকজনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান ভাঙচুর ও বন্ধ করে দিয়েছে। বিষয়টি সরকারের বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে।’
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার সঙ্গে হাতিয়ার সীমানা-বিরোধকে কেন্দ্র করে গত ১৯ থেকে ২১ এপ্রিল পর্যন্ত পর্যায়ক্রমে বয়ারচরে ১০টি প্রাথমিক বিদ্যালয় বন্ধ করে দেয় সন্ত্রাসীরা। এতে প্রথম সাময়িক পরীক্ষায় অংশ নিতে পারেনি শিক্ষার্থীরা। এ বিষয়ে হাতিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।