প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগ্নিকাণ্ডে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে পোশাক কারখানায় শ্রমিক নিহত হওয়ার প্রতিবাদে গতকাল মঙ্গলবার নোয়াখালীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে শহরের টাউন হল মোড়ে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নোয়াখালী জেলা শাখার উদ্যোগে ওই কর্মসূচির আয়োজন করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টায় সংগঠনের নেতা-কর্মীরা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শ্রেণী-পেশার প্রতিনিধিদের নিয়ে মানববন্ধন রচনা করেন। অংশগ্রহণকারীরা এ সময় নিশ্চিন্তপুরের ট্র্যাজেডির প্রতি শোক প্রকাশ করে কালো ব্যাজ ধারণ ও কালো পতাকা বহন করেন। বেলা ১১টা পর্যন্ত এ মানববন্ধন চলে।এ সময় সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাসদ নোয়াখালী জেলা শাখার সদস্যসচিব দলিলের রহমান। অন্যদের মধ্যে বক্তৃতা করেন: মুক্তিযোদ্ধা তারকেশ্বর দেবনাথ, সিপিবির সাধারণ সম্পাদক জাফর উল্যা, বাসদ জেলা কমিটির সদস্য ফখরুল ইসলাম, মাসুদ রেজা প্রমুখ। বক্তারা আশুলিয়ায় পোশাক তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে শ্রমিক নিহত হওয়ার ঘটনায় নিন্দা ও গভীর শোক প্রকাশ করেন।সমাবেশে বক্তারা বলেন, ইতোমধ্যে ৮০টি পোশাক তৈরির কারখানায় প্রায় এক হাজার শ্রমিক নিহত হয়েছেন। বারবার মৃত্যুর মিছিল হচ্ছে। সরকারের উদাসীনতা, নিয়মনীতি না মেনে কারখানা অনুমোদন, যথাযথ পদক্ষেপ গ্রহণ না করা ও মালিকপক্ষের অব্যবস্থাপনা, শ্রমিকদের প্রতি ন্যূনতম সুযোগ-সুবিধার অভাবে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে।