নেত্রকোনা সরকারি কলেজের প্রভাষক ওমর ফারুকের ওপর হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার একাদশ শ্রেণির শিক্ষার্থীরা পরীক্ষা বর্জন করেছে। হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন, মিছিল, সড়ক অবরোধ ও স্মারকলিপি দিয়েছে শিক্ষক-শিক্ষার্থীরা।
এদিকে হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি। সমিতির এক বিবৃতিতে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় না আনলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বাসা ছাড়ার সময় বিতণ্ডার জের ধরে গত রোববার বেলা দেড়টার দিকে কলেজের পদার্থবিজ্ঞান বিভাগে ঢুকে প্রভাষক ওমর ফারুকের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলাকারীরা তাঁকে কিল, ঘুষি ও রড দিয়ে পিটিয়ে জখম করে। শিক্ষক ও শিক্ষার্থীরা তাঁকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তিনি সেখানে ভর্তি আছেন।
হাসপাতালটির আবাসিক চিকিৎসা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ওই শিক্ষক অনেকটা আশঙ্কামুক্ত। তবে ডান চোখের আঘাত সারতে সময় লাগবে।
হামলার প্রতিবাদে গতকাল বেলা দুইটার দিকে শহরের সাতপাই এলাকায় কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এটি শহরের প্রধান সড়ক ঘুরে ছোট বাজারে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের সড়কে মানববন্ধনে মিলিত হয়। সেখানে ওই কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ সভাপতিত্ব করেন। তিনি বলেন, এ ঘটনার প্রতিবাদে চলমান একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষাসহ সব ক্লাস বন্ধ ঘোষণা করা হয়েছে।
কর্মসূচিতে বক্তারা বলেন, হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করা না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
পরে সাড়ে তিনটার দিকে আবারও মিছিল নিয়ে কুড়পাড় এলাকায় পুলিশ সুপার (এসপি) ও জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা কেন্দুয়া-মদন-নেত্রকোনা সড়ক অবরোধ করে। প্রশাসনের কর্মকর্তারা আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
হামলার নিন্দা জানিয়ে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির ময়মনসিংহ অঞ্চলের সভাপতি মুজাহিদ বিল্লাহ ফারুকী বলেন, মামলায় উল্লিখিত আসামিদের দ্রুত গ্রেপ্তার করা না হলে সমিতি কঠোর কর্মসূচি ঘোষণা করবে।
কলেজ সূত্র, পুলিশ ও আহত ব্যক্তির সঙ্গে কথা বলে জানা যায়, কয়েক মাস ধরে ওমর ফারুক শহরের সাতপাই কালীবাড়ির কাছের এলাকায় ভাড়া থাকতেন। গত শনিবার তিনি কলেজের পেছনের এলাকায় নতুন বাসায় ওঠেন। পুরোনো বাসা ছাড়ার সময় মালিকের সঙ্গে একটি দরজার ভাঙা ছিটকিনি নিয়ে কথা-কাটাকাটি হয়। এর জের ধরে বাসার মালিক ওবায়দুল হাসানের ছেলে মো. শাকিব হাসান দুই বন্ধুকে নিয়ে তাঁর ওপর হামলা করেন। এর প্রতিবাদে কলেজের শিক্ষক পরিষদ সন্ধ্যায় বাসার মালিক, তাঁর ছেলে ও ছেলের দুই বন্ধুকে আসামি করে মামলা করে। পুলিশ এর আগে বিকেলে ওবায়দুল হাসানকে আটক করে। পরে তাঁকে মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার কারাগারে পাঠিয়েছে।
এ নিয়ে সোমবার ‘বিভাগের কক্ষে ঢুকে প্রভাষককে রড দিয়ে পিটিয়ে জখম’ শিরোনামে প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
জানতে চাইলে এসপি জয়দেব চৌধুরী বলেন, আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। আশা করা যাচ্ছে, তাঁদের দ্রুত আইনের আওতায় আনা যাবে।