প্রতিবাদে পাঁচ ঘণ্টা বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটে আন্তজেলা ও দূরপাল্লার বাস চলাচল গতকাল সোমবার পাঁচ ঘণ্টার জন্য বন্ধ রাখে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন। ঢাকা থেকে হাকিমপুরগামী (হিলি) এসআর পরিবহনের সুপারভাইজার এবং পাঁচবিবি কাউন্টারের ব্যবস্থাপককে মারধরের প্রতিবাদে তাঁরা এ কর্মসূচি পালন করেন।পাঁচবিবি থানার পুলিশ ও মোটর শ্রমিক ইউনিয়ন সূত্রে জানা গেছে, গতকাল ঢাকা থেকে ছেড়ে আসা এসআর পরিবহনের শীতাতপ (এসি) নিয়ন্ত্রিত একটি নৈশ কোচের যাত্রী ছিলেন পাঁচবিবি বাজারের নাদিম মণ্ডল। নাদিম কোচের সুপারভাইজার রনি আহম্মেদকে এসি বন্ধ করতে বলেন। পরে বাসটি সোমবার ভোর পাঁচটার দিকে পাঁচবিবি বাজারের এসআর কাউন্টারে থামলে নাদিম ও তাঁর সহযোগীরা এসি বন্ধ না করার কারণে রনিকে মারধর করেন। এ সময় পাঁচবিবি কাউন্টারের ব্যবস্থাপক মো. রিপনকেও মারধর করা হয়। এ ব্যাপারে নাদিম মণ্ডল বলেন, ‘প্রচণ্ড ঠান্ডার কারণে সুপারভাইজারকে বারবার অনুরোধ করা হলেও তিনি এসি বন্ধ করেননি। পাঁচবিবি কাউন্টারের ব্যবস্থাপক রিপন জেল খাটিয়ে ছাড়ব বলে আমাকে হুমকি দেন।’জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক ইকবাল হোসেন জানান, ওই ঘটনায় মোটরশ্রমিকেরা ক্ষুব্ধ হয়ে সকাল নয়টা থেকে বেলা দুইটা পর্যন্ত যান চলাচল বন্ধ রাখেন।