আওয়ামী লীগের একজন নেতার ওপর হামলার প্রতিবাদে গতকাল বুধবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। হরতালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়িতে মিছিল-সমাবেশ করেছে।স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যায় খাগড়াছড়ি থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে পানছড়ির বড়ইতলী এলাকায় একদল দুর্বৃত্ত পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু তাহেরের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। এ সময় দুর্বৃত্তরা আবু তাহেরের কাছ থেকে নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়।আবু তাহেরের ওপর হামলার প্রতিবাদে বিক্ষুব্ধ লোকজন পানছড়ি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয়।স্থানীয় সূত্র জানায়, গতকাল হরতালের সময় পানছড়ি বাজারে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের পিকেটিং করতে দেখা যায়। হরতালের সময় পানছড়ি বাজারে দোকানপাট খোলেনি, যানবাহন চলাচলও বন্ধ ছিল।পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার মিয়া বলেন, ‘হরতাল আহ্বানের সঙ্গে উপজেলা আওয়ামী লীগের কোনো সম্পৃক্ততা নেই। তবে এলাকার শান্তিশৃঙ্খলা বজায় রাখার স্বার্থে আমরা মাঠে অবস্থান করছি।’এদিকে আবু তাহেরের ওপর হামলার প্রতিবাদে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল করেছে। খাগড়াছড়ি সরকারি কলেজের কড়ইতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে চেঙ্গী স্কোয়ার ঘুরে আবার কলেজ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে বক্তারা আবু তাহেরের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।মঙ্গলবার রাতে আবু তাহেরের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ লোকজন তাৎক্ষণিকভাবে খাগড়াছড়ি সদর ও পানছড়িতে বিক্ষোভ মিছিল করে।