প্রতিবাদে ফরিদপুরে হঠাৎ বাস ধর্মঘট, জনদুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি মামলায় বাসমালিক গ্রুপের এক নেতাকে গ্রেপ্তার করার প্রতিবাদে ফরিদপুরে গতকাল মঙ্গলবার হঠাৎ করে বাস ধর্মঘট শুরু হয়েছে। এ কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছে যাত্রীরা।পুলিশ ও বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, টায়ার বেচাকেনার টাকা নিয়ে গত ২৬ জুলাই জেলা মিনিবাস মালিক সমিতির সদস্য গোলাম মাওলাকে জেলা বাস মালিক গ্রুপের যুগ্ম সম্পাদক সুজিৎ কুমার সাহা শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় মারধর করেন। এ ঘটনায় গোলাম মাওলা সোমবার ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা করেন। পুলিশ ওই দিন দিবাগত রাত সাড়ে ১১টার দিকে সুজিৎকে গ্রেপ্তার করে।এ ঘটনার প্রতিবাদে গতকাল বেলা ১১টা থেকে বাস মালিকেরা ধর্মঘট শুরু করেন। এ জন্য ফরিদপুরের সঙ্গে ঢাকা, বরিশাল, মাদারীপুর, মাগুরা, রাজবাড়ীসহ অভ্যন্তরীণ ১০টি সড়কপথে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। ফরিদপুর বাস মালিক গ্রুপের সভাপতি কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, গ্রেপ্তারের পর তাঁরা থানায় গিয়ে সুজিৎকে ছাড়িয়ে আনার চেষ্টা করেন। কিন্তু পুলিশ তাঁদের কথা শোনেনি। এ কারণে সভা ডেকে বেলা ১১টা থেকে বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মিনিবাস মালিক সমিতির সভাপতি শাহ আলম বলেন, তাঁরা এ ধর্মঘটের সঙ্গে যুক্ত নয়। আলাপ-আলোচনা করে এর সমাধান করা যেত।