নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় ডকইয়ার্ড শ্রমিক মো. ফয়সাল হত্যাকাণ্ডের প্রতিবাদে লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল শনিবার বেলা একটার দিকে নবীগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
গত শুক্রবার সন্ধ্যায় নবীগঞ্জ টি হোসেন গার্ডেন এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ফয়সালকে ৮-৯ জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। আহতাবস্থায় পথচারীরা উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। ফয়সাল বন্দর ডকইয়ার্ডের শ্রমিক ছিলেন। তাঁর বাড়ি শান্তিবাগে।
এলাকাবাসী সূত্র জানায়, সম্প্রতি ওই ডকইয়ার্ড দখলকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। ফয়সাল হত্যাকাণ্ডের সঙ্গে ওই ঘটনার যোগসূত্র থাকতে পারে। এ ছাড়া নবীগঞ্জ এলাকায় প্রভাব বিস্তার নিয়ে সন্ত্রাসীদের সঙ্গে ফয়সালের দ্বন্দ্ব ছিল। গতকাল ময়নাতদন্ত শেষে দুপুরে লাশ বাড়িতে আনা হলে এলাকাবাসী লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেন। বাদ আসর জানাজা শেষে লাশ নবীগঞ্জ বাগে জান্নাত কবরস্থানে দাফন করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে জানতে পেরেছি, নবীগঞ্জ বাসস্ট্যান্ডে ঈদমেলায় একটি মেয়েকে উত্ত্যক্ত করার জের ধরে ফয়সাল হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করার জন্য তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে। এ ব্যাপারে ১০ জনকে আসামি করে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’