জামায়াতে ইসলামীর আমির ও আলবদরপ্রধান যুদ্ধাপরাধী মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করায় পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাবের প্রতিবাদ ও শিমলা চুক্তি অনুযায়ী ১৯৫ যুদ্ধাপরাধীর বিচার শুরু করার দাবিতে বরগুনায় প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে।
গতকাল বুধবার সকাল ১০টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে ‘চেতনায় মুক্তিযুদ্ধ একাত্তর’ বরগুনা জেলা কমিটির উদ্যোগে এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বিভিন্ন পেশাজীবী, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন। এ ছাড়া শহরের সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ীরা।
বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাসান ঝন্টুর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন সেক্টর কমান্ডারস ফোরামের বরগুনা জেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন মনোয়ার, মুক্তিযোদ্ধা কমরেড আবদুল হালিম, বরগুনা জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি ভুবন চন্দ্র হাওলাদার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোতালেব মৃধা, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বাহাদুর প্রমুখ।